‘আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক’-একসুরে মুখ্যমন্ত্রীর কাছে দাবি চাকরি হারা শিক্ষকদের !

আজ, সোমবার, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চাকরি হারানো শিক্ষকরা একসুরে তাঁদের প্রধান দাবি তুলে ধরেছেন – ‘আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক’।
উল্লেখ্য, গতকাল রবিবারও চাকরিহারা শিক্ষকরা শহিদ মিনারের পাশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। তাঁদের একটাই চাওয়া, আদালতের নির্দেশে যে চাকরি তাঁরা হারিয়েছেন, তা যেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তাঁদের ফিরিয়ে দেন।
আজকের বৈঠকে চাকরিহারা শিক্ষকরা তাঁদের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরবেন। দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াই এবং চাকরি হারানোর পর তাঁদের যে আর্থিক ও মানসিক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়েও মুখ্যমন্ত্রীকে জানাবেন তাঁরা।
বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের শিক্ষক মহল এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা। মুখ্যমন্ত্রী এই সংকট সমাধানে কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার। চাকরিহারা শিক্ষকরা আশা করছেন, মুখ্যমন্ত্রী তাঁদের মানবিক দিক বিবেচনা করে কোনও ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।