মরুভূমির দেশে জন্মদিন উদযাপন দক্ষণী সুন্দরী রশ্মিকার’, নায়িকার সঙ্গী কে ছিল বিজয়?

জন্মদিন মানেই কাজের ব্যস্ততা থেকে ছুটি, পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করা। সম্প্রতি ২৯তম জন্মদিন পালন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। গত ৫ এপ্রিল ছিল এই দক্ষিণী সুন্দরীর জন্মদিন। তবে বিশেষ এই দিনে নিজের দেশে ছিলেন না নায়িকা। কাজের রুটিন থেকে বিরতি নিয়ে রশ্মিকা উড়ে গিয়েছেন সুদূর ওমানে (Oman), মরুভূমির দেশে নিজের জন্মদিন উদযাপন করতে।

তবে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, রশ্মিকা একা নন, তাঁর সঙ্গে ওমানে গিয়েছেন তাঁর চর্চিত প্রেমিক, যাঁর পরিচয় তিনি দেন ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে, সেই অভিনেতা বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda)। দুই তারকার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দেখে তেমন ইঙ্গিতই পাচ্ছেন তাঁদের ভক্তরা।

গত শনিবার, ৫ এপ্রিল, নিজের জন্মদিনে ওমানের মনোরম সমুদ্র সৈকত থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রশ্মিকা। ছবিগুলিতে দেখা যাচ্ছে, তিনি সৈকতে বসে সাদা বালির সঙ্গে খেলা করছেন এবং দিগন্তে অস্তগামী সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করছেন। ছবিগুলির ক্যাপশনে রশ্মিকা লিখেছেন, ‘কিছু সমুদ্র সৈকত, কিছু বালি, কিছু সূর্যাস্ত, কিছু ফুল। তোমাদের সকলের ভালোবাসা এবং শুভেচ্ছার সঙ্গে অনেক হাসি।’

অন্যদিকে, যদিও বিজয় দেবরকোন্ডা সরাসরি রশ্মিকার সঙ্গে থাকার কোনও ছবি পোস্ট করেননি, তবে তাঁর সাম্প্রতিক ওমানের লোকেশনের কিছু ছবি এবং রশ্মিকার ছবির সময়ের মিল দেখে নেটিজেনরা মনে করছেন, বিজয়ও একই সময়ে ওমানে ছিলেন এবং সম্ভবত রশ্মিকার জন্মদিন উদযাপনে সঙ্গী হয়েছিলেন।

দীর্ঘদিন ধরেই রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবরকোন্ডার প্রেমের গুঞ্জন টলিউড থেকে বলিউড পর্যন্ত ছড়িয়েছে। যদিও দু’জনেই জনসমক্ষে নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন, তবে তাঁদের একসঙ্গে ছুটি কাটানো বা বিভিন্ন অনুষ্ঠানে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়া ভক্তদের মনে অন্য ধারণার জন্ম দিয়েছে। ওমানের এই জন্মদিন উদযাপন সেই জল্পনাকে আরও উস্কে দিল।

এখন দেখার বিষয়, এই দুই জনপ্রিয় তারকা কবে তাঁদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন। তবে আপাতত তাঁদের ওমানের সুন্দর মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।