ঘুমন্ত অবস্থায় যুবতীর উপর অ্যাসিড হামলা, আক্রান্ত BJP নেতার মেয়ে

বিহারের বেগুসরাই জেলায় ঘুমন্ত অবস্থায় এক যুবতীর উপর অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত যুবতী পল্লবী রাঠোর (২৪), যিনি বিজেপি নেতা সঞ্জয় কুমার সিংয়ের মেয়ে। শনিবার রাত দেড়টা-দুটো নাগাদ এই ভয়ঙ্কর হামলা হয়, যখন পল্লবী নিজের ঘরে একা ঘুমোচ্ছিলেন।

জানা গিয়েছে, রাতের অন্ধকারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পাঁচিল টপকে ঢুকে পড়ে বিজেপি নেতার বাড়িতে। পল্লবীর ঘরের জানালা খোলা ছিল গরমের জন্য, সেই জানালা দিয়েই তাঁর উপর ছোড়া হয় অ্যাসিড। মুহূর্তেই মুখ, ঘাড় ও শরীরের অনেকটা অংশ জ্বলে যায়।

বাবা সঞ্জয় সিং জানান, “প্রথমে ওর চিৎকার শুনে ভেবেছিলাম হয়তো টিকটিকি বা অন্য কিছু দেখে ভয় পেয়েছে। কিন্তু আর্তনাদ বাড়তেই ঘরে দৌড়ে যাই। গিয়ে দেখি— ভয়ঙ্কর দৃশ্য! মুখে অ্যাসিডের জ্বালা নিয়ে ছটফট করছে আমার মেয়ে।”

পল্লবীকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর অবস্থা সঙ্কটজনক, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য পরিষ্কার নয়। পুলিশ বলছে, বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে সব দিক বিবেচনায় রেখে।

এই নৃশংস ঘটনার খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ঝড়। আরজেডি নেতা তেজস্বী যাদব তীব্র ভাষায় সরকারের সমালোচনা করে বলেন:“বিহারে এখন কেউ নিজের ঘরেও নিরাপদ নয়। এই ঘটনা আইন-শৃঙ্খলার চূড়ান্ত ব্যর্থতা। আক্রান্তের দ্রুত বিচার চাই।”তিনি আরও প্রশ্ন তোলেন, বিজেপি যখন নিজের নেতার মেয়েকেও রক্ষা করতে পারে না, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

পল্লবী রাঠোর কলেজ থেকে পাশ করে বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। সমাজে একজন শিক্ষিত, সচেতন যুবতী হিসেবে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন। এক হিংস্র হামলা সেই স্বপ্ন মুহূর্তে ভেঙে দিল।

এই ঘটনায় আবারও সামনে এল প্রশ্ন— নারী নিরাপত্তা আদৌ কতটা নিশ্চিত? বাড়ির চার দেওয়ালও কি নিরাপত্তা দিতে পারছে না? দোষীরা দ্রুত গ্রেফতার না হলে, শুধু একজন তরুণীর জীবন নয়, হারিয়ে যাবে বহু মানুষের বিচার ব্যবস্থার ওপর ভরসাও।