‘মানুষ হয়ে কেন অন্য মানুষের পাশে দাঁড়ানো যাবে না? গাজায় মানবতার মৃত্যু হয়েছে’, মন কাঁদছে শ্রীলেখার !

গাজার (Gaza) ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, তখন সেই তালিকায় যুক্ত হলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নিজের ফেসবুক হ্যান্ডেলে গাজার বেশ কিছু হৃদয়বিদারক ভিডিও শেয়ার করে সেখানকার মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন অভিনেত্রী।
ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত গাজা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পোড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃতদেহ। এই মর্মান্তিক দৃশ্য দেখে ব্যথিত শ্রীলেখা প্রশ্ন তুলেছেন, মানুষ হয়ে কেন অন্য মানুষের পাশে দাঁড়ানো যাবে না?
একইসঙ্গে বাংলাদেশে (Bangladesh) মুসলিম সম্প্রদায়ের দ্বারা হিন্দুদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, গাজার এই মর্মান্তিক ভিডিও দেখে কোনও হিন্দু উৎফুল্ল হবেন, এমন ধারণা পোষণ করার কোনও কারণ নেই। হিন্দু ধর্ম এমন শিক্ষা দেয় না যে অন্যের দুঃখে মজা পাওয়া উচিত। শ্রীলেখা স্পষ্ট ভাষায় জানান, যে ধর্ম মানুষকে মানুষ হতে শেখায় না, সেই ধর্মকে তিনি মানেন না।
মানবতাবিরোধী এই যুদ্ধের ভয়াবহতা শ্রীলেখার সোশ্যাল মিডিয়ায় ক্রমশ প্রতিবাদের রূপ নিচ্ছে। একের পর এক পোস্টে তিনি গাজার অসহায় মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করছেন।
অভিনেত্রী আরও লেখেন, এই অস্থির পৃথিবীতে তিনি আর বেঁচে থাকতে চান না। যে পৃথিবীতে মানুষ ছোট ছোট শিশুদের মৃতদেহ দেখেও হাসতে পারে, সেখানে তাঁর শ্বাস নিতেও কষ্ট হয়। ধর্ম নিয়ে বিশ্বজুড়ে যে সংঘাত শুরু হয়েছে, তাতে তাঁর দম বন্ধ হয়ে আসছে বলেও মন্তব্য করেন শ্রীলেখা মিত্র। তাঁর এই আবেগপূর্ণ বার্তা গাজার ভয়াবহতা এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।