“লক আপে ৩ তরুণকে পিটিয়ে খুন!”-২৬ বছর পর ৯ পুলিশকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড

১৯৯৯ সালে পুলিশ হেপাজতে থাকাকালীন তিন তরুণকে পিটিয়ে খুনের অভিযোগে অভিযুক্ত ১১ জন পুলিশকর্মীর মধ্যে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক সহ মোট নয়জনকে দোষী সাব্যস্ত করেছে তামিলনাড়ুর একটি আদালত। দীর্ঘ ২৬ বছর ধরে চলা এই মামলায় দোষী সাব্যস্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অপর দুজনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাঁদের বেকসুর খালাস করা হয়েছে।

১৯৯৯ সালে তুতিকোরিনের থালামুথু নগর থানায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল ভিনসেন্ট, মুথু এবং মারিয়াদাস নামে তিন তরুণের। তাঁরা বিনয়গড় মন্দিরে একটি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। পুলিশের অভিযোগ ছিল, তাঁদের কাছে বিস্ফোরক দ্রব্য রয়েছে, এই অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে থানা থেকে তাঁদের পরিবারকে জানানো হয় যে তিনজনেরই মৃত্যু হয়েছে।

নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন যে থানার পুলিশকর্মীরা লক আপের মধ্যে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন ওই তিন তরুণকে। এই ঘটনার পর দীর্ঘ ২৬ বছর ধরে তুতিকোরিন জেলা আদালতে মামলা চলে। অবশেষে শনিবার আদালত ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক সহ মোট নয়জন পুলিশকর্মীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে তেমন জোরালো প্রমাণ না পাওয়ায় আদালত তাঁদের মুক্তি দিয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নিহতদের পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেল বলে মনে করছেন অনেকে।