OMG! ঠিক সময়ে খুলল না প্যারাশুট, মর্মান্তিক পরিণতি বায়ুসেনার প্যারাজাম্প প্রশিক্ষকের

উত্তরপ্রদেশের আগ্রায় বায়ুসেনার স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় প্যারাশুট সময় মতো না খোলায় রাজকুমার তিওয়ারি নামে এক প্রশিক্ষকের মৃত্যু হয়েছে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর, শনিবার সকালে আগ্রায় প্যারাজাম্পিংয়ের প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। প্রশিক্ষক রাজকুমার তিওয়ারি এই প্রশিক্ষণের তদারকি করছিলেন এবং অংশগ্রহণকারীদের হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়ার সঠিক পদ্ধতি শেখাচ্ছিলেন। প্রশিক্ষণ চলাকালে, প্রশিক্ষক তিওয়ারিও হেলিকপ্টার থেকে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, তাঁর প্যারাশুটটি নির্ধারিত সময়ে খোলেনি এবং তিনি কয়েকশো ফুট উপর থেকে সজোরে মাটিতে আছড়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় রাজকুমার তিওয়ারিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজকুমার তিওয়ারি ছিলেন ভারতীয় বায়ুসেনার ‘আকাশগঙ্গা’ স্কাইডাইভিং দলের একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় বায়ুসেনা গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।