OMG! পর পর পথচারীকে ধাক্কা মারলো বেপরোয়া গাড়ি, ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা

রামনবমীর সকালে শহরে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুরপুকুর এলাকায় একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের সরু রাস্তায় ঢুকে পড়ে। বেপরোয়া গতিতে একের পর এক পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। ছুটির দিনে জনবহুল বাজার এলাকায় এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িটি হাঁসপুকুর থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল। সেটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি বাজারের সরু রাস্তায় ঢুকে পড়ে। ওই সংকীর্ণ রাস্তায় বড় গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও কীভাবে সেই নিষেধাজ্ঞা ভেঙে গাড়িটি বাজারে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের আরও অভিযোগ, চালক এবং গাড়িতে থাকা যাত্রীরা মত্ত অবস্থায় ছিলেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছুটির সকাল হওয়ায় বাজারে বহু মানুষের সমাগম ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে দুজন মহিলা ও একজন পুরুষ ছিলেন। খালপাড়ের দিক থেকে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রথমে একাধিক গাড়িতে ধাক্কা মারে এবং এরপর পথচারীদের চাপা দেয়। আহত প্রত্যেককেই হাসপাতালে পাঠানো হয়েছে এবং অনেকের আঘাত আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ছয় বছর ধরে বাজারের ওই সরু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। সেখানে মেরামতের কাজ চলছিল। তার মধ্যেই এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটায় এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন গাড়িটি বাজারে প্রবেশ করতে পারল, তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।