সেনার কাজে বরাত পাইয়ে দেওয়ার নামে ঘুষ, শিলিগুড়িতে CBI হানা, গ্রেফতার ২

সেনার কাজে অনলাইনে বরাত পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত শহরজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালায়।

জানা গিয়েছে, শিলিগুড়ির হাকিমপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম কুণ্ডু মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (MES)-এর কাজের জন্য গভর্মেন্ট ই-কমার্স মার্কেটপ্লেস (GeM)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছিলেন। অভিযোগ, সিকিমে কর্মরত MES-এর এক আধিকারিক মিথিলেশ কুমার তাঁকে ওই কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেন। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিবিআই।

তদন্তকারীরা বৃহস্পতিবার বিকেলে বর্ধমান রোড এলাকায় একটি ফাঁদ পাতেন। অভিযোগ, ঘুষের টাকা হাতবদলের সময়ই মিথিলেশ কুমারকে হাতেনাতে গ্রেফতার করে সিবিআই। এরপর সেনার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের আধিকারিক মিথিলেশ কুমার এবং অসীম কুণ্ডুকে গ্রেফতার করা হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সিবিআই-এর একটি বিশেষ দল অসীম কুণ্ডুর বাড়িতে পৌঁছায়। প্রায় ১২ ঘণ্টা ধরে সেখানে চলে তল্লাশি অভিযান। দিল্লি ও কলকাতা থেকে আসা সিবিআই-এর বিশেষ তদন্তকারী আধিকারিকরা এই অভিযানে অংশ নেন। তল্লাশিতে অসীম কুণ্ডুর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।

এই ঘুষ কাণ্ডে অসীম কুণ্ডুর এক ভাইপোর নামও উঠে এসেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি। অসীম কুণ্ডুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ি সংলগ্ন NHPC-এর একটি বাংলোতে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, সিবিআই-এর আরেকটি দল শিলিগুড়ির পাকুড়তলা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় এবং একটি বহুতলের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাদের। শুক্রবার সকালেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান অব্যাহত ছিল।

সেনাবাহিনীর কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে এই ধরনের ঘুষকাণ্ডের ঘটনায় শিলিগুড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনলাইন বরাতের আড়ালে এই দুর্নীতি প্রকাশ্যে আসায় প্রশাসনিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সিবিআই এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে।