রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে পাওয়ার ব্লক, বাতিল একাধিক ট্রেন! দেখুন রেলের বিজ্ঞপ্তি

রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়ায় রবিবার (৬ই এপ্রিল) পাওয়ার ব্লক করার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জরুরি কিছু রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এর ফলে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা ফের একবার চূড়ান্ত ভোগান্তির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল সূত্রে খবর, রবিবার হাওড়া ডিভিশনের কর্ড লাইনে ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো খতিয়ে দেখবেন রেলের আধিকারিকরা। রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পাওয়ার ব্লক এবং ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল থাকা ট্রেনগুলির তালিকা:

হাওড়া থেকে বাতিল থাকবে:

৩৬০৩৩ নম্বর ট্রেন (হাওড়া – চন্দনপুর)
৩৬৮২৫ নম্বর ট্রেন (হাওড়া – বর্ধমান)
চন্দনপুর থেকে বাতিল থাকবে:

৩৬০৩৪ নম্বর ট্রেন (চন্দনপুর – হাওড়া)
বর্ধমান থেকে বাতিল থাকবে:

৩৬৮৩৪ নম্বর ট্রেন (বর্ধমান – হাওড়া)
ডানকুনি থেকে বাতিল থাকবে:

৩২২২৮ নম্বর ট্রেন (ডানকুনি – শিয়ালদহ)
৩২২৩২ নম্বর ট্রেন (ডানকুনি – শিয়ালদহ)
শিয়ালদহ থেকে বাতিল থাকবে:

৩২২২৭ নম্বর ট্রেন (শিয়ালদহ – ডানকুনি)
৩২২৩১ নম্বর ট্রেন (শিয়ালদহ – ডানকুনি)
দেরিতে ছাড়বে যে ট্রেন:

এছাড়াও, ১২৫০৪ আগরতলা-এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস রবিবার ৫০ মিনিট দেরিতে ছাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রবিবার রামনবমী এবং বাসন্তী পুজোও রয়েছে। এই কারণে বহু মানুষের কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে একসঙ্গে এতগুলি লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হবে। রেলের পক্ষ থেকে যাত্রীদের বিস্তারিত তথ্য জানার জন্য বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সাধারণ যাত্রীদের অভিযোগ, প্রতি সপ্তাহান্তেই শনিবার ও রবিবার কোনো না কোনো লাইনে ট্রেন বাতিল থাকার কারণে তাদের নিয়মিতভাবে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, পরিষেবার মানোন্নয়নের জন্যই তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। তবে ঘন ঘন ট্রেন বাতিলের ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।