“পুরুষদের খুশি’ করাই সেক্সের উদ্দেশ্য নয়, সেক্স হলো…”- অকপট নীনা গুপ্তা

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা বরাবরই স্পষ্টবাদী। ব্যক্তিগত হোক বা সামাজিক বিষয়—নিজের মত প্রকাশে কখনও দ্বিধা করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে স্পষ্ট ও সাহসী মন্তব্য করে ফের শিরোনামে তিনি। তাঁর মতে, ভারতীয় সমাজে যৌনতা নিয়ে বহু ভুল ধারণা রয়েছে, যা নারীদের স্বাধীনতাকে ব্যাহত করে।
নীনা বলেন,“আমার মতে, সেক্স বা যৌনতা খুবই ওভাররেটেড। ভারতের ৯৫ শতাংশ মহিলা জানেনই না যে, এটা শুধু সন্তানের জন্ম দেওয়ার জন্য নয়—আনন্দের জন্যও হতে পারে। বেশিরভাগ নারী ভাবেন, যৌনতার লক্ষ্য কেবল পুরুষসঙ্গীকে তুষ্ট করা।”তিনি আরও বলেন, অনেক নারী এখনও যৌনতা বলতে বোঝেন কেবল সন্তান ধারণ বা পুরুষসুখ।
নীনা মনে করেন, বহু ভুল শিক্ষার উৎস বলিউডের সিনেমা। তাঁর কথায়,“ছবিগুলোতে বরাবর দেখানো হতো, একজন নারীর জীবনের প্রধান উদ্দেশ্য একজন পুরুষকে খুঁজে পাওয়া। আমিও ছোটবেলায় ভাবতাম, কেউ আমাকে চুমু খেলে আমি প্রেগন্যান্ট হয়ে যাব! সিনেমা আমাদের এমনই শেখাতো।”
শুধু নারীরাই নন, পুরুষরাও এই সিনেমার মাধ্যমে পেয়েছেন ভুল বার্তা।“ওদের শেখানো হয়েছে, তারা ‘বস’। আজও অনেক সিনেমায় সেই পুরোনো দৃষ্টিভঙ্গিই রয়েছে।”
সাক্ষাৎকারে নীনার বয়স জানতে চাওয়া হলে হেসে উড়িয়ে দেন। বলেন,“আমি আমার বয়স কখনও প্রকাশ করি না। কারণ আমি নিজের বয়সের তুলনায় অনেক কমবয়সি দেখাই। একবার বয়স জানিয়ে দিলে, পরিচালকরা শুধু বয়স্ক চরিত্রই অফার করবেন। তাই পেশাগত দিক বিবেচনায় এটা বলা উচিত নয়।”
নীনার এই স্পষ্ট বক্তব্য সমাজে নারী স্বাধীনতা, যৌনতা ও বয়স সংক্রান্ত ধারণার দিকে এক নতুন আলো ফেলে দেয়। বলিউডের মতো জায়গা থেকে এরকম খোলামেলা বক্তব্য সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা।