ভুয়ো ভিডিও রুখতে কঠোর ইউটিউব, বন্ধ হচ্ছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলের আয়

সামাজিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ছড়িয়ে পড়া ব্যাপক ভুয়া ভিডিওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। দর্শক টানার জন্য জনপ্রিয় সিনেমার ভুয়া ট্রেলার তৈরি করে যারা, সেইসব ইউটিউব চ্যানেলের আয়ের পথ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এই পদক্ষেপের ফলে ২০ লক্ষের বেশি সাবস্ক্রাইবার থাকা একাধিক চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, মার্ভেল বা হ্যারি পটারের মতো জনপ্রিয় সিনেমা বা সিরিজের নতুন পর্বের নাম করে যেসব ভুয়া ট্রেলার তৈরি করা হয়, সেগুলোর আর কোনো আয় থাকবে না। এই চ্যানেলগুলো সাধারণত এআই এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে এমন সব ট্রেলার তৈরি করে, যা দেখে মনে হয় যেন সত্যিই সেই সিনেমার প্রোমো। স্বাভাবিকভাবেই এই ধরনের ভিডিওগুলোতে প্রচুর ভিউ হয়।
স্ক্রিন কালচার বা কেএইচ স্টুডিওর মতো বেশ কিছু ইউটিউব চ্যানেলে ২০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলগুলি প্রায়শই এমন সব সিনেমার ভুয়া ট্রেলার প্রকাশ করে, যে সিনেমাগুলো আদৌ তৈরি হয়নি। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখেই এই ধরনের ক্লিকবেইট ভিডিও তৈরি করা হয় এবং তাতে প্রচুর দর্শকও আকৃষ্ট হন।
তবে এবার এই ধরনের ‘ভুয়া’ এবং ‘লোকঠকানো’ কন্টেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউটিউব। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, এই চ্যানেলগুলো বিজ্ঞাপনী আয় বা দর্শক সংখ্যার নিরিখে কোনো প্রকার অর্থ উপার্জন করতে পারবে না। ইউটিউবের এই পদক্ষেপ ভুয়া ভিডিও নির্মাতাদের জন্য একটি বড় ধাক্কা হতে চলেছে।