২৬ হাজার চাকরি বাতিলের ধাক্কা! SSC-কাণ্ডে সরকারের উপর চাপ বাড়াল সংগ্রামী যৌথ মঞ্চ…

এক লহমায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল। মুষ্টিমেয় কয়েকজনের দুর্নীতির কারণে পায়ের তলার মাটি সরে গেল এত সংখ্যক মানুষের (SSC Recruitment Scam)। বৃহস্পতিবার ২০১৬ সালের SSC-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এত বিপুল সংখ্যক চাকরি হারানোর ঘটনায় একদিকে যেমন দিশেহারা হয়ে পড়েছেন চাকরিহারা প্রার্থীরা, তেমনই রাজ্যের বহু স্কুলে কর্মরত শিক্ষকের সংখ্যাও এক ধাক্কায় কমে গেছে। এই পরিস্থিতিতে এবার আসরে নামল সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)।

বিভিন্ন সময়ে শিক্ষকদের একাধিক ন্যায্য দাবি নিয়ে সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে এই যৌথ মঞ্চ। এবার চাকরিহারা শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন তাঁরা। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, যাদের নামে দুর্নীতির কোনও সুনির্দিষ্ট অভিযোগ নেই, তাদের প্রতি মাসে বেতন চালু রাখার ব্যবস্থা করুক রাজ্য সরকার।

তিনি আরও বলেন, রাজ্য এক ভয়াবহ শিক্ষা সংকটের মধ্যে পড়েছে। স্বাধীন ভারতে এর আগে কোনও রাজ্য এমন গভীর সংকটের মুখোমুখি হয়নি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী শনিবার, অর্থাৎ ৫ই এপ্রিল, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের কাছে একদিনের কর্মবিরতি পালনের জন্য আবেদন জানিয়েছেন তিনি। সরকারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদী কণ্ঠস্বর আরও জোরালো করতে শনিবার রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

ভাস্করবাবু উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রাজ্যে শিক্ষার পরিকাঠামো আজ ধ্বংসের মুখে। একটি স্কুল থেকে সাতজন, আটজন করে শিক্ষক বাতিল হয়ে যাচ্ছেন। যারা বরখাস্তের তালিকায়, তাদের জীবনের দায় কে নেবে? সর্বোচ্চ আদালতে স্পষ্ট ভাবে প্রশ্ন তোলা হয়েছে, কেন সরকার যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা পেশ করতে পারল না?’

ভাস্করবাবু আরও জানান, যদি কোনও যোগ্য শিক্ষক বা শিক্ষিকা আইনি লড়াই বা আন্দোলনের জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সাহায্য চান, তবে তাঁরা তাঁদের পাশে থেকে সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ‘আন্দোলন ছাড়া আর কোনও পথ খোলা নেই। আন্দোলন না করলে সরকার সহজে এই তালিকা প্রকাশ করবে না। কারণ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যা যা বলেছেন, সেখানে যোগ্য প্রার্থীদের নিয়ে কোনও সুস্পষ্ট বার্তা দেননি, বরং কৌশলে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন।’

এমতাবস্থায়, চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবং সংগ্রামী যৌথ মঞ্চের এই কর্মবিরতির ডাকে রাজ্য সরকারের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, সেদিকেই এখন সকলের নজর।