বাতিল হল ২০১৬-র প্যানেল, চাকরি হারালেন শিলিগুড়ির শিক্ষিকা, দিশেহারা ‘অনামিকা’ !

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশে বাতিল হল ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখায় চাকরি হারালেন রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই তালিকায় নাম রয়েছে শিলিগুড়ির অনামিকা রায়েরও। এই রায় অনামিকার জীবনে এক বড় ধাক্কা নিয়ে এসেছে। চাকরি হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ফের এক দীর্ঘ লড়াইয়ের পথে নামতে হবে, এই চিন্তাই এখন তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালের নিয়োগে মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন। এই নিয়োগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হয় এবং সেই চাকরি পান ববিতা সরকার।
তবে এখানেই শেষ হয়নি আইনি লড়াই। শিলিগুড়ির অনামিকা রায় নামে এক চাকরিপ্রার্থী নিজেকে ওই পদের যোগ্য দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আইনি প্রক্রিয়া শেষে ববিতা সরকারের চাকরি যায় এবং সেই পদে নিযুক্ত হন অনামিকা রায়। কলকাতা হাইকোর্টের নির্দেশেই আমবাড়ি হরিহর হাইস্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে যোগ দেন তিনি। দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পর অবশেষে তিনি সাফল্যের মুখ দেখেছিলেন।
কিন্তু সেই আনন্দ স্থায়ী হল না। কয়েক মাস না যেতেই সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছে। এক কথায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। যার ফলে অনামিকা রায় সহ রাজ্যের বহু শিক্ষক-শিক্ষাকর্মী তাঁদের চাকরি হারালেন।
যদিও সুপ্রিম কোর্ট চাকরিহারাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার কথা বলেছে, তবে তাতে মোটেই সন্তুষ্ট নন অনামিকা। বরং তিনি হতাশ হয়ে পড়েছেন। কারণ তিনি সুপ্রিম কোর্টের উপর ভরসা রেখেছিলেন এবং আশা করেছিলেন যে রায় তাঁদের পক্ষেই থাকবে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হতাশ হতে হল, হারাতে হল বহু কষ্টে পাওয়া চাকরিটি।
সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট জানানো হয়েছে, দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসি মামলায় গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ‘চাল ও কাঁকর’ আলাদা করা সম্ভব হয়নি। এই রায়ের ফলে ২৫ হাজার ৭৫৩ জন চাকরি হারালেন, যা রাজ্য প্রশাসনের কাছেও একটি বড় ধাক্কা। অনামিকার মতো বহু যোগ্য প্রার্থীর স্বপ্নভঙ্গ হল এই রায়ে। এখন দেখার, তাঁদের ভবিষ্যৎ কোন পথে চালিত হয়।