জামশেদপুরে মোহনবাগান সমর্থককে মারধর ‘ঝরল রক্ত’, নিন্দা জানিয়ে পাশে দাঁড়াল ক্লাব!

গত রাতে (৩ এপ্রিল) জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনাল চলাকালীন স্টেডিয়ামের স্ট্যান্ডে এক মোহনবাগান সমর্থককে মারধরের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে ওই ভক্তকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই মোহনবাগান সুপার জায়ান্ট তাদের ওই আহত ভক্তের পাশে দাঁড়িয়েছে। ক্লাব কর্তৃপক্ষ এই অন্যায় আচরণ এবং স্টেডিয়ামের সুরক্ষা ও ম্যানেজমেন্ট কর্মীদের আগ্রাসনের তীব্র নিন্দা করে একটি বিবৃতি প্রকাশ করেছে।
ক্লাবের বিবৃতিতে লেখা হয়েছে, “আমরা মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের অ্যাওয়ে স্ট্যান্ডে ০৩.০৪.২০২৫ তারিখে বেশ কয়েকজন সুরক্ষা ও পরিচালন কর্মীদের অন্যায় আচরণ এবং আগ্রাসনের তীব্র নিন্দা করছি। আমাদের সবাইকে মনে রাখতে হবে, সমর্থকদের ছাড়া ফুটবল কিছুই নয়।”
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলিতে দেখা গেছে, স্টেডিয়ামের অ্যাওয়ে স্ট্যান্ডে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে। আশেপাশে থাকা অন্যান্য সমর্থকরা তাঁকে তোলার চেষ্টা করছেন। ঠিক কী কারণে ওই সমর্থককে মারধর করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে, এই ঘটনায় মোহনবাগান সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেটদুনিয়ায় অনেকেই এই ঘটনার তীব্র সমালোচনা করছেন এবং অভিযুক্ত নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকেও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর।
ফুটবল মাঠে সমর্থকদের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের ঘটনা ক্রীড়াপ্রেমীদের মনে আতঙ্ক সৃষ্টি করতে পারে। মোহনবাগান ক্লাবের দ্রুত প্রতিক্রিয়া এবং তাদের সমর্থকের পাশে দাঁড়ানোকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এখন দেখার বিষয়, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়।