তীব্র গরমে স্বস্তির নিঃশ্বাস ! মে মাসের শুরুতে ঝড়-বৃষ্টির পূর্বাবাস, শুক্রে বঙ্গে কালবৈশাখী

এপ্রিল মাসের তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবারও সম্ভাবনা রয়েছে। বৈশাখের শুরুতে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কালবৈশাখীর সাক্ষী থাকতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের মুখ ভার দেখা যায়। অনেক জায়গাতেই সূর্যের দেখা মেলেনি। কোথাও আংশিক মেঘলা আকাশ, আবার কোথাও আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। তারা জানিয়েছে, কলকাতায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। তবে এই বৃষ্টির ফলে তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সকল জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দেখা যাবে। সপ্তাহান্তে, অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে, ফের সোমবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এই জলীয় বাষ্পই রাজ্যের তীব্র গরমের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই পূর্বাভাসে তীব্র গরমে হাঁসফাঁস করা রাজ্যবাসীর মনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।