এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়, একধাক্কায় চাকরি হারান ২৫,৭৫৩ জন শিক্ষক, সুদ সহ বেতন ফেরানোর নির্দেশ

দুর্নীতির অভিযোগে জর্জরিত ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারানোর নির্দেশ বহাল রইল।
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্ট এই গুরুত্বপূর্ণ রায়দান করে। আদালত স্পষ্ট জানিয়েছে, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনও কারণ তারা খুঁজে পাচ্ছে না। ফলে, কলকাতা হাইকোর্টের পূর্বের রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে।
তবে, প্যানেল বাতিলের পাশাপাশি সুপ্রিম কোর্ট চাকরিহারাদের জন্য কিছু নির্দেশও দিয়েছে। আদালত জানিয়েছে, চাকরি হারানো প্রায় ২৫ হাজার ৩০০ জন প্রার্থী রাজ্য সরকারের অন্যান্য দফতরে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে তাঁদের বয়সের ছাড় (Age Relaxation) দেওয়া হবে। এছাড়াও, যে সকল কর্মীরা পূর্বে অন্য চাকরি ছেড়ে এই পদে যোগদান করেছিলেন, তাঁরা তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যেই ওই চাকরিজীবীদের তাঁদের আগের কর্মস্থলে ফেরত পাঠাতে হবে।
আরও পড়ুন: SSC মামলায় শুধুমাত্র একজনের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট? কে সে? আসল পরিচয় জানলে অবাক হবেন
এই রায়ের ফলে ১৮ জন দৃষ্টিহীন চাকরিজীবীও তাঁদের চাকরি হারালেন। মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানিয়েছেন, শুধুমাত্র ইনসার্ভিস শিক্ষকরাই কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে, চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের ১২ শতাংশ সুদ সহ তাঁদের এতদিনকার বেতন ফেরত দিতে হবে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ের তথ্য অনুযায়ী, ৮৩২৪ জনের নিয়োগে অনিয়ম ধরা পড়েছিল। এর মধ্যে ৪৩২৭ জন ওএমআর (OMR) কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন। ২৮২৩ জন এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি পান এবং ১১৭৪ জনের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি হয়। খবর অনুযায়ী, এই সকল প্রার্থীদেরকেই সম্ভবত বেতন ফেরত দিতে হতে পারে। যদিও সুপ্রিম কোর্টের রায়ের বিস্তারিত কপি হাতে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে, এতদিন ধরে যারা চাকরি করেছেন এবং বেতন পেয়েছেন, তাঁদের পুরো বেতন ফেরত দিতে হবে না বলেই প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টের এই রায় ২০১৬ সালের এসএসসি নিয়োগে দুর্নীতির শিকার হওয়া যোগ্য প্রার্থীদের জন্য হয়তো কিছুটা হলেও স্বস্তি দেবে, তবে চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করল। এই রায়ের পর রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন সকলের নজর থাকবে।