ট্রাম্পের শুল্ক ঘোষণার জের, বিশ্ববাজারে সোনার দামের নতুন রেকর্ড, জেনেনিন কত হলো দাম?

বিশ্ববাজারে সোনার দাম অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ১৪৮ ডলারে উন্নীত হয়েছে। এর আগে সোমবার (৩১ মার্চ) বিশ্ববাজারে স্পট সোনার দাম রেকর্ড ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।

ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২ এপ্রিল) থেকে প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্ক আরোপের ঘোষণা দেবেন, যা ‘পারস্পরিক শুল্ক’ নামে পরিচিত হবে। এই ঘোষণার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন, ফলে দাম বৃদ্ধি পাচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি বছর সোনার দাম ইতিমধ্যেই ১৮ শতাংশেরও বেশি বেড়েছে। মার্চ মাসের শুরুতেই সোনার দাম প্রথমবারের মতো তিন হাজার ডলারের গণ্ডি অতিক্রম করে। বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন।

ওসিবিসির বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ভূ-রাজনৈতিক উদ্বেগ এবং শুল্কের অনিশ্চয়তার কারণে সোনার নিরাপদ আশ্রয় এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। চলমান বৈশ্বিক বাণিজ্য সংঘাত ও অনিশ্চয়তার মধ্যে সোনার ভবিষ্যৎ নিয়ে তারা ইতিবাচক।

গোল্ডম্যান স্যাশ, ব্যাংক অব আমেরিকা এবং ইউবিএস এই মাসেই সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে। গোল্ডম্যান স্যাশ পূর্বাভাস দিয়েছে, এ বছরের শেষ নাগাদ সোনার দাম ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে, যা তাদের আগের পূর্বাভাসের চেয়ে ২০০ ডলার বেশি।

ব্যাংক অব আমেরিকা ২০২৫ সালে সোনার দাম ৩ হাজার ৬৩ ডলার প্রতি আউন্স এবং ২০২৬ সালে ৩ হাজার ৩৫০ ডলারে পৌঁছানোর আশা করছে, যা তাদের পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের শিল্পকে সুরক্ষা এবং বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে নতুন শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন। এই পরিকল্পনার মধ্যে রয়েছে আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক এবং চীন থেকে আসা সকল প্রকার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক। ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘোষণার প্রাক্কালে বিশ্ববাজারে সোনার এই উল্লম্ফন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।