“মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়?”-প্রশ্নের জবাবে যা বললেন সুনীতা উইলিয়ামস

প্রায় ৯ মাস মহাকাশে কাটিয়ে সম্প্রতি পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশ থেকে ফেরার পর এই প্রথমবার মুখ খুললেন তিনি এবং মহাকাশ যাপনের নানা অভিজ্ঞতার মধ্যে ভারতকে নিয়ে এক বিশেষ কথা জানালেন।

মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়, এই প্রশ্নের উত্তর জানার আগ্রহ অনেকেরই থাকে। এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন সদ্য মহাকাশ থেকে ফেরা সুনীতা উইলিয়ামস। তিনি বলেন, “ভারত অসাধারণ।” তিনি আরও যোগ করেন, “প্রতিবার যখনই আমরা হিমালয়ের উপরে যাই, দুর্দান্ত ছবি দেখতে পাই।”

এর আগে, ১৯৮৪ সালে মহাকাশে পাড়ি দেওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশে থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি যৌথ টেলিভিশন সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেই সময় ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে জিজ্ঞাসা করেছিলেন, “মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়?” উত্তরে রাকেশ শর্মা বিখ্যাত উক্তিটি করেছিলেন, “সারে জহাঁ সে আচ্ছা।”

সুনীতা উইলিয়ামসও ভারতের প্রশংসায় পঞ্চমুখ। তিনি ভারত একটি মহান দেশ এবং এখানে একটি দারুণ গণতন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেছেন। তাঁর কথায়, “আশা করি, বাবার দেশে ফিরব…”। উল্লেখ্য, সুনীতা উইলিয়ামসের পৈতৃক ভিটে গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে অবস্থিত।

গত বছর জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে মহাকাশে যাত্রা করেছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তবে, মহাকাশযানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) আটকে পড়েন এবং পূর্বনির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরতে পারেননি। পরবর্তীতে, তাঁদের ছাড়াই ওই মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসে। এরপর সুনীতাদের প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘ টালবাহানা চলে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক বাইডেন প্রশাসনকে সুনীতাদের ফেরানো নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছিলেন। ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে সুনীতাদের দ্রুত ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। অবশেষে, ২৮৬ দিন পর ইলন মাস্কের স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন।