১৪০ কিলোমিটার পথ হাঁটলেন আম্বানির কনিষ্ঠ পুত্র! অনন্ত আম্বানির দ্বারকা পদযাত্রা

গুজরাতের জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত ১৪০ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করছেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। ভক্তি, অধ্যবসায় এবং আধ্যাত্মিকতার মিশেলে তিনি এক অনন্য পদযাত্রায় শামিল হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে তাঁদের পদযাত্রার কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে অনন্তকে দৃঢ় পদক্ষেপে হাঁটতে দেখা গেছে। কড়া নিরাপত্তায় অনুগামীদের সঙ্গে এগিয়ে চলেছেন তিনি।
অনন্ত আম্বানি জানিয়েছেন, জামনগর থেকে দ্বারকা পর্যন্ত পদযাত্রাটি গত পাঁচদিন ধরে চলছে এবং তিনি খুব শীঘ্রই দ্বারকাধীশ মন্দিরে পৌঁছাবেন। পদযাত্রায় শিখর পাহাড়িয়া, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ঘনিষ্ঠ বন্ধু, অনন্তের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে।
এই যাত্রা সম্পর্কে অনন্ত আম্বানি বলেছেন, “আমরা দু-চার দিনের মধ্যে পৌঁছে যাব। মহাপ্রভু দ্বারকাধীশ আমাদের আশীর্বাদ করুন। যুবসমাজকে বলব, মহাপ্রভু দ্বারকাধীশের প্রতি বিশ্বাস রাখুন, যে কোনও কাজ করার আগে তাঁকে স্মরণ করুন। তাহলেই সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে। ভগবান সঙ্গে থাকলে চিন্তা নেই।”
অনন্ত আম্বানি ২০২০ সালে জিও প্ল্যাটফর্মস লিমিটেড এবং ২০২২ সালে রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের পরিচালনা পর্ষদে যোগ দেন। তিনি রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড এবং রিলায়েন্স নিউ সোলার এনার্জি লিমিটেডেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার ‘কর্পোরেট’ ক্যাটাগরিতে প্রাণী কল্যাণের জন্য ‘প্রাণী মিত্র’ জাতীয় পুরস্কারে সম্মানিত করেছে তাঁর প্রতিষ্ঠিত ‘বনতারা’ পশু পুনর্বাসন কেন্দ্রকে।
অনন্ত আম্বানির এই পদযাত্রা শুধু একটি আধ্যাত্মিক যাত্রাই নয়, বরং এটি যুবসমাজের জন্যও একটি শক্তিশালী বার্তা। “যে কোনও কাজ শুরু করার আগে ভগবানকে স্মরণ করুন, তিনি সঙ্গে থাকলে সব কিছু সম্ভব,” এমনই তাঁর বার্তা।