ইদের আগে ৩ লক্ষ টাকা না দেওয়ায়, স্বামী দিলেন তিন তালাক! বিস্তারে জানতে পড়ুন

দেশে তিন তালাক প্রথা নিষিদ্ধ হলেও, গোপনে এখনো চলতে থাকা এই অন্যায়ের নতুন উদাহরণ মিলল উত্তর প্রদেশের লখনউতে। অভিযোগ, ঈদের আগে ৩ লক্ষ টাকা যৌতুক না দেওয়ায় স্বামী তাঁর স্ত্রীকে তিন তালাক দিয়েছেন।
ভুক্তভোগী শাহীন জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গুফরান আনসারির সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা যৌতুক হিসেবে একটি বাইক ও ৩ লক্ষ টাকা দাবি করতে থাকেন। শাহীন গর্ভবতী হওয়ার পর স্বামী তাঁকে মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেন।
গত ২৭ ডিসেম্বর স্বামী গুফরান আনসারি ও তাঁর পরিবারের সদস্যরা শাহীনের বাপের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করায়, স্বামী তাঁর পেটে লাথি মারেন এবং তিন তালাক দেন। তখনই তিনি পুলিশের কাছে অভিযোগ জানান।
পরবর্তী সময়ে, শাহীন স্বামীর সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু গুফরান জানান, ঈদের আগে যৌতুকের টাকা না দিলে তিনি শাহীনকে মেনে নেবেন না। টাকা না পাওয়ায় ফের একবার শাহীনকে তিন তালাক দেন তিনি।
অবশেষে, এই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন শাহীন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী গুফরান আনসারি, শ্বশুর আসলাম আনসারি, শাশুড়ি নাসরিন আনসারি, ভগ্নিপতি বেবি ফারহিন আনসারি, সাহিলা, খুশবু আনসারি, ভগ্নিপতি ইউসুফ আনসারি ও বাবু আনসারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
জেলা পুলিশের আধিকারিক বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, শাহীন জানুয়ারিতে তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে তিন তালাক আইনে মামলা দায়ের করেছেন এবং তদন্ত চলছে।