মোথাবাড়ি নিয়ে ফের মমতাকে আক্রমণ সুকান্তর, ইদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বিজেপি-বিরোধী মন্তব্যের পাল্টা তোপ

মোথাবাড়ির হিংসার ঘটনাকে কেন্দ্র করে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন ইদ উপলক্ষে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তোলার পরই মোথাবাড়ি প্রসঙ্গ টেনে পাল্টা তোপ দাগেন সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট অভিযোগ, রাজ্যে হিংসা ছড়ানোর মূল কারণ তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার মোথাবাড়ির ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার দাবি জানান। তিনি বলেন, ‘দাঙ্গা তৃণমূল করাচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে হিংসার ঘটনার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে। যারা হিন্দু দেবদেবী, ভগবান রামকে নিয়ে অপশব্দ প্রয়োগ করেছে, হিন্দুদের বাড়ি পুড়িয়েছে, থানায় আগুন লাগানোর চেষ্টা করেছে, এখনো প্রমাণ আছে সেগুলোর। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কেন পদক্ষেপ করা হলো না?’

বিজেপির রাজ্য সভাপতির আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণের রাজনীতি করেন এবং সিপিএমও একই পথে হেঁটে তোষণের রাজনীতি করছে। সুকান্ত মজুমদারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম একইসঙ্গে এই তোষণের রাজনীতি করে চলেছেন।

এর আগে রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সঙ্গে গোটা সরকার আছে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে। আপনারা এটা ভাববেন না যে আপনারা একা। আমরা সবাই সব রকম ভাবে আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভাববেন না কোথাও কেউ বললে সেই নিষেধাজ্ঞা আপনাদের মেনে চলতে হবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কী হিন্দু। আমি বলেছি আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান, আমি ভারতীয়। তোমার কী করার ক্ষমতা আছে?”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এরা ডিভাইড অ্যান্ড রুল চায়। আমি চাই না। আমার জীবন দেশের জন্য উৎসর্গ। আমার জীবন সমস্ত ধর্ম, জাতির জন্য, সমস্ত সম্প্রদায়ের জন্য, সমস্ত পরিবারের জন্য। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো। কেউ প্ররোচনা দিলে তাতে পা দেবেন না। এটাই ওদের পরিকল্পনা, ওটা ওদের প্ল্যানড গেম।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই সুকান্ত মজুমদারের মোথাবাড়ি প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ রাজ্য রাজনীতির আবহাওয়া আরও উত্তপ্ত করে তুলেছে। বিধানসভা নির্বাচনের আগে এই বাগযুদ্ধ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।