মুখ্যমন্ত্রীর অপমানে নীরব কেন? ক্ষোভ উগরে দিলেন দেবাংশু, কটাক্ষ শতরূপের

খোদ মুখ্যমন্ত্রীর অপমান! অথচ প্রতিবাদে একটিও শব্দ খরচ করেননি দলের জনপ্রতিনিধি এবং পদাধিকারীরা। এই নীরবতাতেই এবার মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সরাসরি কারও নাম না নিলেও ওই সমস্ত ‘নীরব’ তৃণমূল নেতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে দেবাংশুর কাতর অনুরোধ, ‘নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন।’ তৃণমূল নেতার এই বিস্ফোরক মন্তব্য শুনে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা শতরূপ ঘোষ।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে দেবাংশু ভট্টাচার্য দলের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি দলের জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের উদ্দেশে লেখেন, ‘জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। এই নেত্রী এবং দলের অনুমোদনই আপনি, আমি আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। এই নেত্রীর জন্যেই আজ আমাকে, আপনাকে লোক চিনেছে, জিতিয়েছে।’

নেত্রীর অপমানে দলের নেতাদের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেবাংশু আরও লেখেন, ‘নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? নিজে থেকে একটা মিছিল কিংবা একটা পথসভা করলে কি দল আপনাকে তাড়িয়ে দেবে? পার্টি অফিস গুলোতে যে শতশত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোষ্ট করান, এসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে ফেসবুক, টুইটারে পোষ্ট তো করাতে পারেন অন্তত! পারেন না?’

দলের কঠিন সময়ে তৃণমূল নেতারা কেন নীরব থাকেন, সেই প্রশ্নও তোলেন দেবাংশু। তিনি লেখেন, ‘দল আপনাকে কঠিন সময়ে দেখেছে, এগিয়ে দিয়েছে। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোষ্ট করেন না কেন? অনুষ্ঠানের সময় তো মঞ্চে ইয়া বড় বড় ফুলের বুকে আর লম্বা লম্বা উত্তরীয় গলায় ঝোলাতে দুবার ভাবেন না!’

পদের দাবি জানানোর প্রসঙ্গ টেনে দেবাংশুর কটাক্ষ, ‘পদের দাবি জানানোর সময় তো গলার জোরে গগন ভেদ করার জোগাড় হয়.. কিন্তু যুদ্ধের সময়? মৌনব্রত? সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে, তারপর নামতে হবে? প্রতিবার উপর থেকে আসা কর্মসূচির অপেক্ষা করতে হবে?’ একতরফা প্রতিবাদ জানানোর বিষয়টিও এদিন তুলে ধরেন তিনি। দেবাংশু লেখেন, ‘আমরা কজনই লড়ব শুধু? আমরা কজনই মুখ খুলব প্রতিবার? আমরাই গালাগাল খাব? আমাদেরও তো পরিবার আছে, বাড়িতে বুড়ো মা, বাবা আছে। আমরাও তো গা বাঁচিয়ে চলতে পারি! কই, পালিয়ে যাই না তো! আপনারা পালান কেন?’

সিনিয়র মন্ত্রীদের ব্যস্ততার কথা উল্লেখ করে দেবাংশু প্রশ্ন তোলেন, ‘সিনিয়র মন্ত্রীরা হাজার একটা কাজের মাঝে ব্যস্ত থাকেন। তারা তাদের সুযোগ সুবিধা মত বলেন বা করেন মাঝে মাঝে। কিন্তু আপনারা? গা বাঁচিয়েই যদি চলবেন তবে পঞ্চায়েতে, পৌরসভার, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন?’ সবশেষে তাঁর অনুরোধ, ‘ঢাল, তরোয়াল না ধরুন, এবার থেকে অন্তত একটু মুখ খোলা প্র্যাকটিস করুন। রাস্তায়, মাঠে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় যেখানেই হোক… প্লিজ। তারপর না হয় আপনারাই আবার কাউন্সিলর, কর্মাধ্যক্ষ, সভাপতি, বিধায়ক, সাংসদ হবেন।’

দেবাংশুর এই বিস্ফোরক পোস্টের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই বিষয়ে দেবাংশুকে পাল্টা কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘সামনে ভোট আসছে। তাই টিকিট পেতে নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তৃণমূল নেতারা। দেবাংশুর পোস্ট সেই পরিকল্পনার অংশ।’

তবে সোমবার রাত পর্যন্ত দেবাংশু ভট্টাচার্যের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, দেবাংশুর এই ক্ষোভ দলের অন্দরে কোনও আলোড়ন তোলে কিনা।