OMG! শুঁড়ে তুলে মাটিতে আছাড়, ঝাড়গ্রামে হাতির আক্রমণে প্রাণ হারালেন মহিলা, শোকে পরিবার

রবিবার সকালে মর্মান্তিক এক ঘটনা ঘটল ঝাড়গ্রামের নয়াগ্রামে। মর্নিং ওয়াকে বেরিয়ে দলছুট হাতির পালের কবলে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নয়াগ্রামের ছোট ঝরিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা রবিবার সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। পথে সুবর্ণরেখা নদী পেরিয়ে আসা দলছুট দাঁতাল হাতির পালের মাঝে পড়ে যান তিনি। আচমকা একটি হাতি মহিলাকে শুঁড়ে তুলে মাটিতে সজোরে আছাড় মারে। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নয়াগ্রাম পেরিয়ে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বাঘুয়াশোল ও বড় আসনবনী এলাকায় ২০ থেকে ২৫টি দাঁতাল হাতির একটি দল প্রবেশ করেছে। হাতির দল এলাকায় ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। বহু মানুষ হাতি দেখতে ভিড় করছেন। হাতির পাল কয়েকশো বিঘা জমির ফসলও নষ্ট করেছে বলে খবর।

রবিবার সকালে নয়াগ্রাম ব্লকের ছোট ঝরিয়া এলাকায় হাতির হানায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।