“রাজমাতা দিঘিতে ভেসে উঠল শয়ে শয়ে মরা মাছ”-প্রতিবাদে সরব কোচবিহারের বাসিন্দারা

ঐতিহ্যপূর্ণ কোচবিহার শহরের রাজমাতা দিঘিতে দেখা গেল মাছের মরক। শুক্রবার রাতে রাজ্যের হেরিটেজ তকমা পাওয়া এই দিঘিতে শত শত মরা মাছ ভেসে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিঘির জলে মাত্রাতিরিক্ত দূষণের কারণেই এই বিপর্যয় ঘটেছে।
মৎস্য দপ্তরের অধীনে থাকা এই দিঘির জল দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না বলে অভিযোগ। তার উপর এলাকার বহু মানুষ দিঘিতে আবর্জনা ফেলেন। স্বাভাবিকভাবেই এমন ঐতিহ্যপূর্ণ দিঘির এই হাল নিয়ে প্রশাসন ও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কোচবিহার শহরের ৭ নম্বর ওয়ার্ডে প্রায় তিন একর জায়গা জুড়ে বিস্তৃত এই রাজমাতা দিঘি। বর্তমানে এটির সংস্কারের যাবতীয় কাজ তদারকি করে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট। তবে দিঘির চারপাশের সৌন্দর্যায়ন করতে গিয়ে যে এটির জল দূষিত হচ্ছে, সে বিষয়ে কারও কোনও নজর নেই বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, শনিবার সারাদিন দিঘিতে মরা মাছ ভেসে থাকতে দেখা গেলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনও হেলদোল দেখা যায়নি। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কোচবিহারের পরিবেশপ্রেমী সংগঠন ‘অনাসৃষ্টি’।
সংগঠনের সম্পাদক সুমন্ত সাহা বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দিঘিটিকে যেন ডাস্টবিন বানানোর চেষ্টা চলছে। এটির জল পরীক্ষা করে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’ দিঘি দূষণের কথা স্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর পম্পা ভট্টাচার্য জানান, এটির সংস্কার প্রয়োজন। যদিও মৎস্য দপ্তরের জেলা আধিকারিক অভিজিৎ সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
হেরিটেজ দিঘিতে মাছের এই ব্যাপক মৃত্যুতে স্থানীয় পরিবেশবিদ ও সাধারণ মানুষ উদ্বিগ্ন। দ্রুত দিঘির জল পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।