মানছেন না গাড়ি সিগন্যাল? গেট পড়লেও পার হচ্ছেন লাইন? কঠোর শাস্তির কথা বলছে রেল

কখনও ট্র্যাফিক সিগন্যাল উপেক্ষা, কখনও রেলগেট পড়ে থাকলেও নিয়ম না মেনে লাইনে ঢুকে পড়া— এ ধরনের অসতর্কতার জেরে একের পর এক দুর্ঘটনা ঘটছে রাজ্যে। বৃহস্পতিবার সকালেও এমনই এক ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর। এক যুবক ট্রেনের লাইনে বাইক ফেলে পালিয়ে যায়, আর সেই বাইকেই ধাক্কা মারে ডাউন ক্যানিং লোকাল। ঘটনাটি ঘটে মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে। এর জেরে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ থাকে।
এ ধরনের লাগাতার ঘটনায় রেলের উদ্বেগ বাড়ছে। ফের একবার সাধারণ মানুষকে সতর্কবার্তা দিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শ্রী দীপক নিগম।
রেল কর্তৃপক্ষের দাবি, এই ধরনের অসতর্কতা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিপজ্জনক নয়, বরং সামগ্রিক রেল পরিষেবার ওপরও মারাত্মক প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রেই এসব প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। দুর্ঘটনার শিকার ব্যক্তির পরিবার ও স্বজনদের জন্য দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
এছাড়া, এই ধরনের ঘটনায় ট্রেন চলাচলে দেরি হয়, অনেক ট্রেন বাতিলও করতে হয়, যার ফলে লক্ষ লক্ষ যাত্রী সমস্যায় পড়েন। পাশাপাশি, রেলের পরিকাঠামোর ক্ষতি হয় এবং রক্ষণাবেক্ষণের খরচ বহুগুণ বেড়ে যায়।
বৃহস্পতিবার সোদপুর ও চম্পাহাটি এলাকায় পরপর রেললাইনে অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিয়ালদহের ডিআরএম। তিনি স্পষ্ট জানান, রেললাইনে অবৈধভাবে প্রবেশ করা শুধু বিপজ্জনক নয়, এটি শাস্তিযোগ্য অপরাধও। যারা নিয়ম না মেনে চলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, নিরাপদে যাতায়াতের জন্য ফুট ওভারব্রিজ, সাবওয়ে এবং বৈধ লেভেল ক্রসিং ব্যবহার করুন। রেলের এই সতর্কবার্তা না মানলে যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।