“কেকেআরের কমবেশি সবাই বেটিংয়ে আসক্ত”-বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ক্রিকেটার!

কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর বেশিরভাগ খেলোয়াড়ই গেমিংয়ের সময় বাজি ধরেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন দলের অলরাউন্ডার রমনদীপ সিং। একটি পডকাস্টে তিনি জানান, KKR-এর গেমিং রুমে খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে ফিফা ও পোকারের মতো গেমে টাকার বিনিময়ে বাজি ধরেন। যদিও তিনি ম্যাচ ফিক্সিং বা অনলাইন বেটিংয়ের কথা উল্লেখ করেননি, তবে অভ্যন্তরীণ গেমিংয়ের সময় বাজি ধরা নিয়মিত ঘটনা বলে জানিয়েছেন।

রমনদীপের মতে, শ্রেয়াস আইয়ার KKR-এ থাকাকালীন ফিফা গেমে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। এছাড়াও বিবেক পাজি, নীতীশ পাজি এবং সূয়াস প্রমুখ খেলোয়াড়রা নিয়মিত গেমে বাজি ধরতেন। বাজির পরিমাণ ২০-২৫ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত হতো। তবে পোকার খেলায় এই অঙ্ক ১০ লাখ টাকায় পৌঁছাত বলে তিনি জানান।

“হ্যাঁ, আমরা একে অপরের সঙ্গে গেম খেলে বাজি ধরতাম,” – রমনদীপ স্বীকার করেন। “শ্রেয়াস ফিফায় খুব ভালো, বিবেক পাজিকে কেউ হারাতে পারে না। আমি সাধারণত বৈভব বা সূয়াসের সঙ্গে খেলতাম। অনেকে প্রচুর টাকা জিততেন, আবার কেউ কেউ বড় অঙ্ক হারাতেন। পোকারে তো লাখ লাখ টাকা ঘুরত!”

রমনদীপের এই মন্তব্য আইপিএল ২০২৫-এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই KKR-এর অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এটি আনুষ্ঠানিক বেটিং প্ল্যাটফর্ম নয়, বরং খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ বাজি বলেই দাবি করা হচ্ছে।

KKR কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্রিকেট বিশ্বে বেটিং নিয়ে সংবেদনশীলতা থাকায় রমনদীপের এই স্বীকারোক্তি আলোচনার জন্ম দিয়েছে।