পরিবারের পছন্দেই বিয়ে করছেন প্রভাস, জেনেনিন পাত্রী কে?

দক্ষিণী চলচ্চিত্র জগতের সুপারস্টার প্রভাসের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। একাধিক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে, কখনো সহ-অভিনেত্রী আনুষ্কা শেঠির সঙ্গে বিয়ের গুঞ্জন, কখনো ‘আদিপুরুষ’ ছবির শুটিং সেটে কৃতি শ্যাননের সঙ্গে প্রেমের গল্প। তবে এসব সম্পর্কের কোনোটিই কখনো স্পষ্টভাবে স্বীকৃত হয়নি। এবার সব জল্পনা উড়িয়ে প্রভাস বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে খবর।
গত এক বছর ধরে প্রভাসের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তার অনুরাগীরা বহুদিন ধরে তাকে বরের বেশে দেখার জন্য অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শোনা যাচ্ছে, পরিবারের পছন্দের একটি মেয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত এই তারকা। তবে এই পাত্রী তারকা জগতের কেউ নন। সূত্রের খবর, হায়দ্রাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়েই হতে চলেছেন প্রভাসের জীবনসঙ্গিনী।
পরিবারের উদ্যোগে বিয়ে
প্রভাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার বিয়ের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। পরিবারের সদস্যরা এই বিয়ের আয়োজনের দায়িত্ব নিয়েছেন। প্রভাসের প্রয়াত কাকা কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী এই বিয়ের তদারকি করছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এই খবরের সত্যতা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
অনুরাগীদের উৎসাহ
৪৫ বছর বয়সী প্রভাস দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ‘ব্যাচেলর’ হিসেবে পরিচিত। তার বিয়ে নিয়ে এর আগেও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার তার বয়সের কথা মাথায় রেখে অনুরাগীদের ধারণা, এই গুঞ্জন সত্যি হতে চলেছে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রচারে প্রভাস একবার বলেছিলেন, “আমি এখনই বিয়ে করছি না, কারণ আমার মহিলা ভক্তদের মন ভাঙতে চাই না।” তবে এবার মনে হচ্ছে, তিনি পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রভাসের নীরবতা
এই খবরে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকলেও, প্রভাস বা তার টিমের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতীতেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে তিনি সবসময় নীরব থেকেছেন। ‘কফি উইথ করণ’-এর মতো জনপ্রিয় শোতেও তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু খোলেননি।
কাজের ফ্রন্টে প্রভাস
প্রভাস সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি ‘দ্য রাজা সাব’ এবং ‘ফৌজি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ব্যক্তিগত জীবনে এই নতুন অধ্যায় কীভাবে তার ক্যারিয়ারে প্রভাব ফেলবে, তা দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা।
প্রভাসের বিয়ের এই গুঞ্জন সত্যি হলে, তা তার জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট হবে। তবে সবার চোখ এখন তার এবং তার পরিবারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।