কবর থেকে বেরিয়ে সোজা পুলিশের কাছে ‘মানববলি’র শিকার যুবক

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার এল আলতো এলাকায় এক যুবককে মানববলির অংশ হিসেবে কফিনে ঢুকিয়ে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। গত ১ আগস্ট মাদার আর্থ উৎসবের সময় রোমহর্ষক এ ঘটনা ঘটেছে।
ভিক্টর হুগো মাইকা আলভারেজ (৩০) নামে যুবক দাবি করেছেন, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ‘মানববলি’ হিসেবে হয়েছিল।
তিনি জানান, বার্ষিক উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। যেখানে আদিবাসীরা দেবী প্যাচামামার পূজা করতে সমবেত হয়েছিলেন।
তিনি আরো জানান, উৎসবের উদযাপনে তিনি অত্যধিক মাত্রায় মদ্যপান করেছিলেন। এ সময় চেতনাও হারিয়ে ফেলেন। কয়েক ঘণ্টা পর চেতনা ফিরে এলে প্রস্রাবের চাপ অনুভব করেন তিনি। তখন তিনি বুঝতে পারেন, গ্লাসের কফিনের ভেতরে শুয়ে আছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জ্যাম প্রেসকে আলভারেজ বলেন, আমরা নাচানাচি করছিলাম। অনুষ্ঠানের ফাঁকে প্রচুর পরিমাণ মদপানও করেছিলাম। আমার শুধু মনে আছে যে, আমি বিছানায় শুয়ে আছি এবং প্রস্রাব করার জন্য উঠেছিলাম। কিন্তু আমি কোনোভাবেই নড়াচড়া করতে পারছিলাম না।
তিনি আরো বলেন, আমি ধাক্কা মেরে কফিনটি ভেঙেছিলাম। পরে গ্লাসের ফাঁক গলে ভেতরে ময়লা পড়তে শুরু করে। আমি অনেক চেষ্টা করে বেরিয়ে আসতে সক্ষম হই। আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল।
ব্রিটিশ দৈনিক মেট্রো বলছে, একবার চেতনা ফেরার পর আলভারেজ বুঝতে পারেন, অনুষ্ঠানের শুরুতে যেখানে তিনি মদ্যপান করেছিলেন, সেই স্থান থেকে প্রায় ৫০ মাইল দূরের আচাচাচি শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের কাছে হাজির হয়ে এ ঘটনা জানালেও কর্মকর্তারা তা বিশ্বাস করেননি।
ঐ সময় পুলিশ কর্মকর্তারা তাকে মাতাল বলে বাসায় গিয়ে শান্ত হতে বলেন। তিনি প্রতারক নন বলে পুলিশকে জানান। পরে এ ঘটনা স্থানীয় গণমাধ্যমকে জানান আলভারেজ। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেখা যায়।
প্যাচামামা উৎসবে আমাকে সুল্লু হিসেবে ব্যবহার করা হয়েছিল। সুল্লু দেবতাকে দেওয়া উপহারসামগ্রীর মধ্যে রয়েছে মিষ্টি, ঔষধি গাছ, ডিম ও অন্যান্য পানীয়।