ইউটিউব জগতে প্রবেশ! ৬০-এ পা রেখেই বড় সিদ্ধান্ত আমির খানের

সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন বলিউডের অন্যতম মেগাস্টার আমির খান। বলিউডে তাঁর তিন দশকের রাজত্ব চলছেই। আজও তাঁর ছবি মানেই দর্শকদের কাছে বিশেষ কিছু। যদিও গত কিছু বছর ধরে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি “মিস্টার পারফেকশনিস্ট” আমির, তবুও তিনি বলিউডের অটুট স্তম্ভ। আর এবার, তিনি নিয়ে ফেললেন এক নতুন সিদ্ধান্ত—ইউটিউব জগতে প্রবেশ। তাঁর নতুন চ্যানেলের নাম দিয়েছেন ‘আমির খান টকিজ’।

এই চ্যানেলে কী কী থাকছে? সম্প্রতি আমির খানের প্রযোজনা সংস্থা থেকে চ্যানেলের বিষয়ে কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তাঁর প্রযোজনা সংস্থার অধীনে যেসব ছবি তৈরি হবে, সেই ছবির ক্যামেরার পিছনে থাকা অদেখা মুহূর্তগুলো এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের সামনে আসবে। ছবির শুটিংয়ের হাসি, ঠাট্টা, কান্নার মুহূর্ত, তাও ক্যামেরার মাধ্যমে সবার সামনে আসবে। এছাড়া, যেসব মুহূর্ত সেন্সর কাঁচির কারণে ছবির মূল অংশে রাখা হয়নি, সেগুলোও ‘আমির খান টকিজ’-এ দেখানো হবে।

আমির খান বহু অদেখা মুহূর্তের সাক্ষী। তাঁর দীর্ঘ ক্যারিয়ারের নানা বিশেষ মুহূর্ত তিনি সময়-সুযোগ পেলে ভাগ করে নেবেন অনুরাগীদের সঙ্গে। সেই জন্যেই তার এই নতুন ইউটিউব চ্যানেলটি নিয়ে আমির খানের ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

‘আমির খান টকিজ’-এ যে নানা স্মরণীয় এবং অদেখা দৃষ্টিকোণ প্রকাশ পাবে, তাতে আমিরের অনুরাগীরা আরও কাছাকাছি পাবেন তাঁর শিল্পের বিভিন্ন অঙ্গ।