OMG! ভিড় ঠেলে বিজেপির প্রাক্তন মন্ত্রীকে গুঁতো দিল গরু, ভাইরাল ভিডিও

৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতজুড়ে পালিত হচ্ছে ‘তেরঙ্গা’ যাত্রা। এ যাত্রায় অংশ নিয়ে গরুর গুঁতো খেয়েছেন গুজরাটের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল।

এনডিটিভর প্রতিবেদনে বলা হয়, গুজরাটের মেহসানায় চলছিল তেরঙ্গা যাত্রা। ঐ সময় মিছিলের মধ্যে আচমকা একটি বড় গরু ঢুকে পড়ে নীতিন প্যাটেল গুঁতো দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। কোনো রকমে নীতিন প্যাটেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, গরুর গুঁতোয় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। শুধু তিনি নন, আরো বেশ কয়েকজন বিজেপিকর্মী আহত হয়েছেন। এরইমধ্যে এ ঘটনায় গুজরাটে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর মিছিলের নিরাপত্তা নিয়ে।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নীতিন প্যাটেল ভারতের একটি জাতীয় পতাকা ধরে রয়েছেন। আচমকাই একটি গরু ভিড় ঠেলে তার গায়ে ঝাঁপিয়ে পড়ে। গরুর এমন ধাক্কায় নীতিন প্যাটেল ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জের টুইট করা একটি ভিডিওটিতে দেখা যায়, একদল লোক ভারতীয় পতাকা হাতে প্রাক্তন মন্ত্রীকে সাহায্য করতে ছুটে আসছেন।

ভিডিও ফুটেজসহ সরল প্যাটেল টুইটে লিখেছেন, মেহসানাতে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার সময় গুজরাটে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলকে একটি গরু আক্রমণ করেছে।