“আমি চাই আমার শেষ ছবি…”, শাহরুখ কথায় উদ্বেগ ভক্তমনে, তবে কি কেরিয়ার শেষ করতে চলেছেন?

একসময় একের পর এক ফ্লপ ছবির পর অনেকেই ধরে নিয়েছিলেন, শাহরুখ খানের বলিউড কেরিয়ার শেষের পথে। কেউ কেউ বলেছিলেন, এবার তাঁর অবসর নেওয়ার সময় হয়েছে। তবে কিং খান কখনোই হার মানেননি। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে, নিজেকে নতুন করে প্রস্তুত করে, দুর্দান্ত কামব্যাক করেছিলেন তিনি। ‘পাঠান’-এর ব্লকবাস্টার সাফল্যের পর ‘জওয়ান’ এবং ‘ডানকি’ও বক্স অফিসে ঝড় তোলে।

কিন্তু এবার কি সত্যিই বলিউড থেকে বিদায় নিতে চলেছেন শাহরুখ?

সম্প্রতি দুবাইতে আয়োজিত ‘বিশ্ব সরকার সামিট ২০২৪’-এ এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন শাহরুখ খান। তিনি জানান, নিজের শেষ ছবিটি নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি চান, তাঁর শেষ সিনেমাটি শুধু ভারত নয়, সারা বিশ্ব দেখুক। সেটি যেন জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। ৩০-৩৫ বছরের দীর্ঘ কেরিয়ারের পর তিনি চান, তাঁর বিদায়ী ছবি যেন সবচেয়ে বিশেষ হয়ে ওঠে। এমনকি মজার ছলে তিনি বলেন, তাঁর শেষ ছবি দেখার আগে সবাই যেন উর্দু শিখে নেয়!

এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাহলে কি এবার বলিউডকে বিদায় জানাতে চলেছেন শাহরুখ? যদিও তিনি নিজে স্পষ্ট করে কিছু বলেননি, কবে তিনি অবসর নেবেন, সে বিষয়েও কিছু জানাননি।

একটা সময় শাহরুখ মানসিক অবসাদের মধ্য দিয়ে গিয়েছিলেন। শুটিং সেটে গুরুতর চোট পান, দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন। তখন গুঞ্জন ছড়িয়েছিল, তিনি নাকি ভয় পেতে শুরু করেছিলেন যে, দর্শকরা তাঁকে ভুলে যাবে! তবে বাস্তবে তেমনটা হয়নি। ৬০-এর দোরগোড়ায় দাঁড়িয়েও তিনিই আজও বলিউডের কিং!

তাহলে কি তাঁর বিদায় নেয়ার সময় ঘনিয়ে এসেছে, নাকি তিনি আরও কিছু ম্যাজিক বাকি রেখেছেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!