“শুভেন্দুর ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত”- RSS-র মুখপত্র স্বস্তিকায় শুভেন্দুর প্রশংসা, তুঙ্গে জল্পনা

বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই আরএসএসের মুখপত্র ‘স্বস্তিকা’তে শুভেন্দু অধিকারীর প্রশংসা। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

স্বস্তিকায় লেখা হয়েছে—“অর্ধমকে উৎখাত করতে শুভেন্দু অধিকারীর ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত। তাঁকে অস্ত্র-বুদ্ধি-উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের। নইলে পাপের ঘরের চক্রব্যুহ ভেদ করা তাঁর একার পক্ষে সম্ভব নয়।”

সেই সঙ্গে আরও লেখা হয়েছে—“দ্ব্যর্থহীনভাবে নিজেকে হিন্দু হিসেবে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। বর্তমান ভারতে এই সাচ্চা ভাবটাই প্রয়োজন।”

২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলাকে জয়ের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যেই টার্গেট সেট করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, কিছু সপ্তাহ আগেই বড় কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। একাধিক পর্যায়ে বৈঠক করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাতেই বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের পদ্ম শিবির।

বিজেপি ইতিমধ্যেই হিন্দুত্ব প্রচারের রণকৌশল চূড়ান্ত করেছে।রাজ্যের বিভিন্ন জায়গায় ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি সরকার চাই’ স্লোগানে পোস্টার লাগানো হয়েছে। তৃণমূলের ‘তোষণের’ রাজনীতি নিয়ে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিজেপি বিধায়করা।

এর পাল্টা জবাব দিচ্ছে তৃণমূলও। এই পরিস্থিতিতে ‘স্বস্তিকা’-তে প্রকাশিত শুভেন্দুর প্রশংসা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।