খাবার টেবিলে প্রযোজকের বিশেষ মন্তব্য! “মনে হচ্ছিল কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে দি…”- কালকি

বলিউড অভিনেত্রী কালকি কোচলিন তাঁর স্পষ্টবাদী স্বভাবের জন্যই পরিচিত। যে কোনো বিষয়ে খোলামেলা মতামত দিতে পিছপা হন না তিনি। সম্প্রতি বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এক প্রযোজক বন্ধুর মন্তব্যে রেগে গিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী।
কালকি বলেন, “মনে হচ্ছিল কাঁটাচামচ দিয়েই ওর মুখে খুঁচিয়ে দি…!”
সাক্ষাৎকারে কালকি জানান, একদিন দুপুরে একসঙ্গে বসে খাওয়ার সময় তাঁর প্রযোজক বন্ধু তাঁকে পরামর্শ দেন যে, তাঁর মুখে বলিরেখা ঢাকতে ফিলার নেওয়া উচিত।
কালকি বলেন, “এই কথা শুনেই এতটাই রাগ হয়েছিল যে মনে হচ্ছিল কাঁটাচামচ দিয়ে ওর মুখে খোঁচা দিই! যদিও সেটা করিনি। বরং শান্তভাবে বলেছিলাম— তাহলে আমি আর হাসবই না!”
আসলে, তখন ওই প্রযোজক তাঁর এক বান্ধবীর বোটক্স করানো নিয়ে আলোচনা করছিলেন। তখনই কালকির মুখের বলিরেখা নিয়ে মন্তব্য করেন, যা একেবারেই ভালো লাগেনি অভিনেত্রীর।
কালকি মনে করেন, সোশ্যাল মিডিয়া ও অবাস্তব সৌন্দর্যের মানদণ্ডের কারণে নারীদের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। তবে তিনি এও বলেন, সোশ্যাল মিডিয়া অনেক ইতিবাচক পরিবর্তনও এনেছে। এখন নারীরা মা হওয়ার পরেও তাঁদের কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে পারেন।
কালকি জানান, আজকাল অনেক অল্পবয়সী মেয়েও সৌন্দর্য বৃদ্ধির জন্য অস্ত্রোপচার বা ফিলার নিচ্ছেন, যা তিনি যথেষ্ট চিন্তার বিষয় বলে মনে করেন।
তাঁর কথায়—
“এখন একটা নতুন স্তর এসেছে, সেটা হলো বয়স। বাস্তবতা হলো, আমার বলিরেখা আছে এবং আমি এখনো ক্যামেরার সামনে আছি। আমি আমার মুখের কোনো পরিবর্তন চাই না, তাই আমাকে এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেই হবে।”
কালকির মতে, সৌন্দর্য নিজেকে গ্রহণ করার মধ্যেই নিহিত।