‘নাটক কম করুন…’! কনসার্টে ঢুকতে ৩ঘণ্টা দেরি নেহার, দর্শকদের অপমানে কাঁদলেন গায়িকা

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে গিয়েছিলেন গায়িকা নেহা কক্কর। কিন্তু নির্ধারিত সময়ের তুলনায় তিন ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছান তিনি। মঞ্চে উঠে নেহা দেখেন, দর্শক ও শ্রোতারা তাঁর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এই দৃশ্য দেখে মঞ্চে উঠেই তিনি দর্শকদের কাছে ক্ষমা চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার এই শো-তে কাঁদতে দেখে দর্শকদের মধ্যে অনেকে নেহাকে ট্রোল করতে শুরু করেন। এরপর অপমানিত বোধ করে গায়িকা আরও জোরে কাঁদতে থাকেন।
নেহা ক্ষমা প্রার্থনা করে বলেন, “আপনারা সত্যিই অসাধারণ। এত ধৈর্য নিয়ে আমার জন্য অপেক্ষা করেছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এতক্ষণ অপেক্ষা করতে দেখিনি। আপনারা এত সময় ধরে আমার জন্য থেকেছেন, আমি সত্যিই দুঃখিত। এটা আমার কাছে খুব বড় ব্যাপার। এই সন্ধ্যা আমার চিরকাল মনে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় দিয়েছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই শো-টা আপনারা সবাই পুরোপুরি উপভোগ করবেন।”
Neha Kakkar crying for being 3 hrs late at a Melbourne show
She also performed for less than 1 hour #NehaKakkar pic.twitter.com/TGyhaeCjpu— Redditbollywood (@redditbollywood) March 24, 2025
নেহা যখন কাঁদতে শুরু করেন, তখন কিছু দর্শক তাঁকে সমর্থন জানিয়ে হাততালি দেন। কিন্তু একই সঙ্গে, অনেকে তাঁদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। ভিডিওতে শোনা যায়, কিছু লোক চিৎকার করে বলছেন। একজন বলেন, “এটা ভারত নয়, এটা অস্ট্রেলিয়া। হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম করুন।” এই কথা শুনে নেহা আরও অপমানিত বোধ করেন এবং জোরে কাঁদতে শুরু করেন। তখন কয়েকজন দর্শক চিৎকার করে বলেন, “দারুণ অভিনয় হচ্ছে! নাটক কম করুন, এটা ইন্ডিয়ান আইডল নয়।”
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অপমানিত হয়ে নেহা কক্কর অঝোরে কাঁদতে থাকেন।