বিদ্যার সঙ্গে ফের জুটি বাঁধছেন সুজয়, তবে কি আসছে ‘কাহানি থ্রি’?

প্রায় ৯ বছর পর বড় পর্দায় আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন বিদ্যা বালান এবং পরিচালক সুজয় ঘোষ। ২০১২ সালে ‘কাহানি’ এবং ২০১৬ সালে ‘কাহানি ২’ মুক্তির পর এবার কি ‘কাহানি ৩’ আসছে?
২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। কলকাতার দুর্গাপুজোর আবহে, নিখোঁজ স্বামীর খোঁজে আসা এক অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে বিদ্যা বালানের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। সিনেমার টানটান উত্তেজনা, চমকপ্রদ ক্লাইম্যাক্স এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘বব বিশ্বাস’ চরিত্র আজও মানুষের মনে গেঁথে আছে।
এরপর, ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি ২’। যদিও এই সিনেমার গল্প ছিল একদম আলাদা। একটি ছোট্ট মেয়েকে কেন্দ্র করে তৈরি গল্পটি দর্শকদের আগ্রহ তৈরি করলেও, প্রথম ছবির সঙ্গে কোনও যোগ না থাকায় কিছুটা হতাশ হয়েছিলেন অনেকে।
এবার আবারও বড় পর্দায় বিদ্যা বাগচীর প্রত্যাবর্তনের খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর, সুজয় ঘোষ ইতিমধ্যেই ‘কাহানি ৩’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন, এবং বিদ্যা রাজি হয়েছেন ছবিতে কাজ করতে।
নতুন ছবির গল্প কি ‘কাহানি’-এর মূল গল্পের ধারাবাহিকতা বজায় রাখবে? সেই নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে বিদ্যা বাগচীর চরিত্রে বিদ্যাকে আবার দেখার সম্ভাবনায় দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
তবে বব বিশ্বাস কিংবা সাত্যকি চরিত্র ফিরবে কিনা, এবং থাকলেও কে অভিনয় করবেন, তা নিয়ে কিছু জানা যায়নি। সিনেমার মুক্তির তারিখও এখনও ঘোষণা করা হয়নি।
তবে একটাই কথা নিশ্চিত – বিদ্যা-সুজয় জুটির এই কামব্যাক নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে!