হঠাৎ দৌড়! পা ছুঁড়ে প্রণামের সময় বিরাট কি বলছিলো ঋতুপর্ণকে? জামিন পেয়ে মুখ খুললেন যুবক

ইডেনে খেলা চলাকালীন বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তিনি। সেই ঘটনার পরই গ্রেফতার হন বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। সোমবার ব্যাঙ্কশাল কোর্ট তাঁকে জামিন দিলেও শর্ত দেওয়া হয়েছে— এই আইপিএল চলাকালীন তিনি ইডেন বা তার সংলগ্ন এলাকায় যেতে পারবেন না।
এই ঘটনার পর কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, যে ফেন্সিং টপকে ঋতুপর্ণ মাঠে প্রবেশ করেছিলেন, তা পুনরায় খতিয়ে দেখা হবে।
কোর্টে কী হল?
বিচারক কৌস্তভ মুখোপাধ্যায়
“এই ঘটনা কলকাতা পুলিশের নিরাপত্তার আসল চিত্র তুলে ধরেছে। আশা করি পুলিশ শিক্ষা নেবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।”
সরকারি আইনজীবী (পিপি)
“আমরা অভিযুক্তকে পুলিশ হেফাজতে চাইছি।”
বিচারক
“কী করবেন হেফাজতে নিয়ে?”
পিপি
“বিরাট কোহলি একজন আন্তর্জাতিক তারকা। তাঁর মনসংযোগ নষ্ট হয়েছে। অভিযুক্ত প্রথমে ‘H’ ব্লকে ছিল, পরে সে ‘G’ ব্লকে চলে যায়। পুলিশ বের করে দিলে ফের দৌড়ে ‘G’ ব্লক দিয়ে প্রবেশ করে।”
বিচারক
“বাড়ি কোথায়?”
অভিযুক্তের আইনজীবী
“বর্ধমান।”
সরকারি আইনজীবী
“সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ক্রিমিনাল ফোর্সের অভিযোগ রয়েছে।”
জামিনের পর কী বললেন ঋতুপর্ণ?
জামিনে মুক্ত হওয়ার পর TV9 বাংলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন—”আমার বিরাট কোহলিকে প্রণাম করার ইচ্ছে ছিল, তাই করে ফেলেছি। খারাপ লাগছে যে এই বছর আর মাঠে যেতে পারব না, তবে সামনের বছর নিশ্চয়ই যাব!”
তিনি আরও জানান—”আমি যখন বিরাটের কাছে পৌঁছলাম, তখন তিনি বললেন— ভাই, ভাগ ইহাসে!”
শনিবার ইডেনে ম্যাচ চলাকালীন ফেন্সিং টপকে বিরাট কোহলির কাছে পৌঁছে যান ঋতুপর্ণ। এই বছরই তিনি উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। বিরাট তাঁর কাছে ভগবানের সমান বলে দাবি করেছেন তিনি। তাই তাঁকে সরাসরি প্রণাম করার ইচ্ছা থেকেই এমন কাজ করেছেন।
তবে এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁকফোকর তুলে ধরেছে, যা নিয়ে প্রশাসনও এখন নড়েচড়ে বসেছে।