টানা ১২বছর ধরে “Didi No-1″এ রচনাই কেন? অবশেষে আসল কারণ ফাঁস করলেন খোদ সঞ্চালিকা

বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ টানা ১২ বছর ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। প্রতিদিন বিকেলে রচনা বন্দ্যোপাধ্যায় নিজের চিরপরিচিত উচ্ছ্বাস আর হাসিমুখ নিয়ে হাজির হন এই শো’তে। বাংলার ঘরে ঘরে যেন তিনিই হয়ে উঠেছেন সেরা সঞ্চালিকা।

প্রতিদিন নতুন নতুন পরিবারের জীবনসংগ্রামের কাহিনি সামনে আসে এই মঞ্চে। হাজারো মহিলা তাঁদের ব্যক্তিগত জীবনের দুঃখ-সুখের কথা ভাগ করে নেন রচনার সঙ্গে। মন দিয়ে তাঁদের কাহিনি শোনেন রচনা, যা শুধু বিনোদনই নয়, অনুপ্রেরণাও হয়ে ওঠে বহু দর্শকের কাছে। কিন্তু টানা এত বছর ধরে শো সঞ্চালনা করতে গিয়ে কি ক্লান্তি আসে না?

এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন, টানা এতদিন শো সঞ্চালনা করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি দুইবার ছয় মাসের জন্য বিরতি নিয়েছিলেন। সেই সময় প্রথমে জুন মালিয়া ও পরে দেবশ্রী রায় সামলেছিলেন এই শো-এর দায়িত্ব।

কিন্তু দর্শক যেন তাঁদের সেভাবে মেনে নিতে পারেননি। বারবার দাবি উঠেছিল— “রচনা বন্দ্যোপাধ্যায়কেই ফিরিয়ে আনতে হবে!” চ্যানেলও সেই দাবির প্রতি সম্মান জানিয়ে আবার ফিরিয়ে আনে রচনাকে।

এই প্রসঙ্গে রচনা বলেন—”যে মানুষ নিজের কষ্টের কথা যাঁকে শেয়ার করে অভ্যস্ত, সে কিন্তু সবসময় তাকেই খোঁজে। এই শো করতে করতে আমার সঙ্গে দর্শকদের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তাই হয়তো সবাই আমাকে ফিরে চেয়েছিলেন।”

সম্প্রতি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পরেও দর্শকদের মধ্যে একটাই প্রশ্ন ছিল— তাহলে কি ‘দিদি নম্বর ওয়ান’ ছাড়বেন রচনা? কিন্তু তিনি দুই দিকই দারুণভাবে সামলাচ্ছেন। দর্শকদের নিরাশ করেননি, এখনও সমান উদ্যমে চালিয়ে যাচ্ছেন শো।

১২ বছর পার করেও ‘দিদি নম্বর ওয়ান’ আজও একইরকম জনপ্রিয় এবং রচনা বন্দ্যোপাধ্যায় এই শো-এর অপরিহার্য মুখ হয়ে উঠেছেন।