অপেক্ষার অবসান! যে পথে গরুর গাড়ি করে যেতেন সারদা দেবী, এবার সেই পথ দিয়েই ছুটবে ট্রেন!

অপেক্ষার অবসান! এবার সরাসরি জয়রামবাটি পর্যন্ত পৌঁছবে ট্রেন। ‘মায়ের গাঁ’ নামে পরিচিত সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত রেল পরিষেবা সম্প্রসারিত হচ্ছে। ইতিমধ্যেই রেললাইন পাতা শেষ, স্টেশন তৈরির কাজও প্রায় সম্পূর্ণ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

একসময় কষ্ট করে যাতায়াত করতেন সারদা মা
জানা যায়, একসময় জয়রামবাটি থেকে কলকাতায় যেতে চাইলেও বিশাল পথ পাড়ি দিতে হত। গোরুর গাড়িতে ৪০ কিলোমিটার দূরে বিষ্ণুপুর পৌঁছে সেখান থেকে ট্রেন ধরতে হত। তবে এবার আর সেই সমস্যা থাকবে না। জয়রামবাটির উপর দিয়েই ছুটবে ট্রেন!

প্রকল্পের দীর্ঘ ইতিহাস
২০০০-০১: তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথের ঘোষণা করেন।

২০০২-০৩: সমীক্ষার কাজ শুরু হয়।

২০০৬-০৭: জমি অধিগ্রহণ শুরু হয়।

২০০৮-০৯: রেললাইন পাতার কাজ শুরু হয়।

২০১০: বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত ট্রেন চালু হয়।

২০১২: ময়নাপুর পর্যন্ত রেল পরিষেবা সম্প্রসারিত হয়।

২০২4: অবশেষে বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি পর্যন্ত রেলপথের কাজ সম্পূর্ণ।

জয়রামবাটিতে রেলের বিশেষ উদ্যোগ
নতুন স্টেশনটি তৈরি করা হয়েছে মাতৃমন্দিরের আদলে। রেল সূত্রে জানা গিয়েছে, অল্প কিছু কাজ বাকি থাকলেও দ্রুতই ট্রেন চলাচল শুরু হবে। এতে শুধু পূণ্যার্থীরা সুবিধা পাবেন না, এলাকার অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে।

স্থানীয় বাসিন্দা ও মাতৃমন্দির কর্তৃপক্ষ নতুন রেল পরিষেবায় দারুণ খুশি। এতদিন জয়রামবাটি পৌঁছতে সমস্যা হত, এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। দেশ-বিদেশের ভক্তরা সরাসরি ট্রেনে চেপেই পৌঁছে যেতে পারবেন ‘মায়ের গাঁ’-তে!