“কাশ্মীর ভারতের ছিল, আছে ও থাকবে…”- রাষ্ট্রপুঞ্জের শান্তি বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

মার্কিন পডকাস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সাক্ষাৎকারের পর থেকেই অধিকৃত কাশ্মীর ইস্যুতে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিষয়টি এবার রাষ্ট্রপুঞ্জের মঞ্চেও তীব্রভাবে আলোচিত হলো। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের শান্তি বৈঠকে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্ভাথানেনি হরিশ (Parvathaneni Harish) স্পষ্ট জানিয়ে দেন, “কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে।” তিনি বলেন, পাকিস্তান বারবার উপত্যকা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক।

তিনি আরও অভিযোগ করেন, “আমরা লক্ষ্য করেছি, পাকিস্তান লাগাতার ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সম্পর্কে রাষ্ট্রপুঞ্জে বিভ্রান্তিকর মন্তব্য করছে। এটি সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন।” এরপরই তিনি পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে বলেন, “পাকিস্তান বহু বছর ধরে জম্মু ও কাশ্মীরের একটি অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে। তারা যেন মনে রাখে, একদিন না একদিন সেই এলাকা তাদের ছেড়ে দিতেই হবে।”

গত সপ্তাহেই রাইসিনা সংলাপে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অধিকৃত কাশ্মীর নিয়ে কড়া বার্তা দেন। এরপর ভারতের বিদেশমন্ত্রক পাকিস্তানকে স্পষ্ট হুঁশিয়ারি দেয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্তে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। এটি শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা। তাদের উচিৎ, অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া।”

বর্তমানে আন্তর্জাতিক মঞ্চেও এই ইস্যু নতুন করে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভারতের অবস্থান পরিষ্কার – কাশ্মীর ছিল, আছে এবং থাকবে ভারতেরই অবিচ্ছেদ্য অংশ।