আথিয়ার কোল জুড়ে ফুটফুটে কন্যা সন্তান, নাতনি আসার খবর পেয়ে কী বললেন সুনীল শেট্টি?

ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির জীবনে এলো নতুন আনন্দ। তাঁদের ঘরে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। গতকাল সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নেন দু’জনে। খবর প্রকাশ্যে আসার পর বিনোদন ও ক্রীড়াজগত থেকে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
তবে সবচেয়ে আবেগাপ্লুত হয়েছেন নবজাতকের দাদু, অভিনেতা সুনীল শেট্টি। জামাই ও মেয়ের পোস্টে তিনি ভালোবাসায় ভরা ইমোজি ও ‘দুষ্টু চোখ’ ইমোজি শেয়ার করেছেন। নিজের ইনস্টাগ্রামেও তিনি এই পোস্টটি শেয়ার করেন। নাতনির জন্মের খুশিতে উচ্ছ্বসিত মামা আহান শেট্টিও।
View this post on Instagram
কেএল রাহুল ও আথিয়ার মেয়ের জন্মের খবরে আনন্দ প্রকাশ করেছেন বলিউড ও ক্রিকেট দুনিয়ার বহু তারকা। শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন কাপুর, কিয়ারা আডবানি, অনন্যা পান্ডে, পরিণীতি চোপড়া, মাসাবা গুপ্তা, করিশ্মা কাপুর, মালাইকা অরোরা, টাইগার শ্রফ, ঈশা গুপ্তা, সোনাক্ষী সিনহা, ধনশ্রী বর্মা, শিখর ধাওয়ান এবং সূর্যকুমার যাদব।
কেএল রাহুল ও আথিয়া ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন। প্রেমের দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়েছিলেন তাঁরা। বিয়ের দুই বছর পর এলো তাঁদের প্রথম সন্তান।
গত বছরের নভেম্বরেই তাঁরা জানিয়েছিলেন যে শিগগিরই তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। গর্ভাবস্থার শেষ কয়েক মাস আথিয়াকে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। এদিকে, আইপিএল শুরুর মধ্যেই মেয়ের জন্ম হয়েছে, তাই এখন ক্রিকেট থেকে বিরতি নিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গেই থাকবেন কেএল রাহুল।