“IPL-এ কলকাতার কালো জার্সি অপয়া”- যে নায়িকার চাপে রঙ পরিবর্তন করেন শাহরুখ

দীর্ঘ ১৫ বছর পর আবার ফিরে এল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সেই কুখ্যাত কালো জার্সি। আইপিএলের ইতিহাসে এই কালো জার্সি যেন এক অপয়া প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছিল। যে দু’বার কেকেআর গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয়েছিল, সেই সময় তাদের গায়ে ছিল এই কালো রঙের পোশাক। তবে এবার, দীর্ঘ বিরতির পর ফের এই জার্সি ফিরিয়ে আনার সিদ্ধান্তে ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
২০০৮ সালে বলিউড তারকা শাহরুখ খান এবং জুহি চাওলার হাত ধরে কেকেআর-এর আইপিএল যাত্রা শুরু হয়। কিন্তু শুরুর দিনগুলো ছিল দলের জন্য দুঃস্বপ্নের মতো। টানা পরাজয় আর হতাশার মধ্যে দলটির অন্যতম কর্ণধার জুহি চাওলা এক অদ্ভুত বিশ্বাসে আঁকড়ে পড়েন। তিনি মনে করতে শুরু করেন, কালো জার্সিই দলের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী। সম্প্রতি প্রকাশিত ‘লিভিং উইথ কেকেআর’ তথ্যচিত্রে জুহির স্বামী জে মেহতা এই ঘটনার কথা তুলে ধরেছেন। জুহি বলেছিলেন, “আমি মনে করি, কালো রঙের জার্সি-ই কেকেআর-এর জন্য অশুভ।”
তথ্যচিত্রে জুহিকে আরও বলতে শোনা গেছে, “কালো রঙ নিয়ে আমার মনে কিছু একটা খটকা ছিল। আমি ভাবছিলাম, এই রঙ দলের শক্তির জন্য সহায়ক নয়। যখন খুব খারাপ সময় চলছিল, তখন আমি এই বিষয়টাতে জোর দিই। আমি বললাম, ‘না, আমাদের জার্সির রং বদলাতে হবে, কালো নয়।’” তবে এই দাবি শুনে শাহরুখ খান বিরক্ত হয়ে বলেছিলেন, “কী ফালতু, অবাস্তব কথাবার্তা!”
কিন্তু জুহি তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলেন, “আমার মনে হচ্ছিল, এই রং দলের শক্তি বাড়াতে দিচ্ছে না। যখন পরিস্থিতি সত্যিই খারাপের দিকে যেতে শুরু করে, তখন আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়।” অবশেষে শাহরুখ জুহির জেদের কাছে হার মানেন। কেকেআর-এর জার্সি কালো থেকে বেগুনি রঙে রূপান্তরিত হয়। জুহির দাবি, এই পরিবর্তনের পর থেকেই দলের ভাগ্যও ধীরে ধীরে ফিরতে শুরু করে।
এর আগে গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে জুহি বলেছিলেন, “আমরা জানতাম না কীভাবে একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি চালাতে হয়। শাহরুখের বাড়িতে মিটিংয়ের সময় সবকিছুই ইন-হাউস হয়েছিল—জিঙ্গল থেকে ইউনিফর্ম। শাহরুখ কালো এবং সোনালি রঙে জার্সি তৈরি করেছিল, কিন্তু আমি খুশি ছিলাম না। আমি ভাবছিলাম, ‘কেন এই কালো আর সোনালি রঙ?’ কারণ কালো তো অশুভ, তাই না?”
জুহির এই বিশ্বাস এবং জার্সির রং পরিবর্তনের পর কেকেআর ধীরে ধীরে সাফল্যের পথে ফেরে। দু’বার আইপিএল শিরোপা জিতে তারা প্রমাণ করে, বেগুনি রঙ যেন তাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। কিন্তু ১৫ বছর পর ফের কালো জার্সিতে ফিরে আসার সিদ্ধান্ত কী ফল বয়ে আনবে? এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছেন কেকেআর-এর অগণিত ভক্ত।
নাইটদের গায়ে কালো জার্সি ফিরলেও, এবার কি অতীতের ‘অপয়া’ তকমা ঝেড়ে ফেলতে পারবে তারা? নাকি জুহির ভয় সত্যি হবে? সময়ই বলে দেবে এর উত্তর।