‘কেউ অশান্তি করলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে’- কড়া হুঁশিয়ারি সুকান্তর

প্রতি বছরের মতো এবারও রামনবমী ঘিরে উত্তাপ ছড়াল বাংলার রাজনীতিতে। গতকাল ব্যারাকপুরে ট্রাফিক মোড়ে সভা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকেই তিনি রামনবমী প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দেন।

সুকান্ত মজুমদারের স্পষ্ট বক্তব্য,‘রামনবমী মিছিল ঘিরে কেউ অশান্তি করার চেষ্টা করলে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।’ দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজ্যে যেন রামনবমী পালন করতে কোনও বাধা না আসে, সেদিকে নজর রাখতে হবে। এমনকি, পুলিশের তরফে কোনও বাধা এলেও তার যথাযথ মোকাবিলা করতে হবে বলে বার্তা দেন তিনি।

এদিকে, রামনবমীর দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল KKR বনাম LSG-এর IPL ম্যাচ। কিন্তু কলকাতা পুলিশের তরফে সিএবিকে জানানো হয়েছে যে, একই দিনে রামনবমীর নিরাপত্তা সামলানো এবং IPL ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। তাই ম্যাচটি কলকাতার পরিবর্তে গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়েছে।

এই সিদ্ধান্তকে তীব্র রাজনৈতিক রং দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের সরকার রামনবমী করতে পারে না, আবার বলে যে IPL ম্যাচও আয়োজন সম্ভব নয়! অথচ গুয়াহাটিতে তো বিজেপির সরকার রয়েছে। সেখানে একই দিনে রামনবমী ও IPL, দুটোই হচ্ছে। তাহলে বাংলা কেন পারছে না?”

ওয়াকিবহাল মহলের মতে, রামনবমীকে কেন্দ্র করে প্রতিবছরই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সুকান্ত মজুমদারের বক্তব্যের পর রাজনৈতিক পারদ আরও চড়েছে। এখন দেখার, প্রশাসন কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে।