মাত্র ২বছরের মধুই জার্মানির অর্থনীতিকেও ছাপিয়ে যেতে পারে ভারত!

ভারতের অর্থনীতিতে নতুন নজির। মাত্র এক দশকের মধ্যেই দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) দ্বিগুণ হয়ে গেছে। ২০১৫ সালে যেখানে ভারতের জিডিপি ছিল ২.১ ট্রিলিয়ন ডলার, ২০২৫ সালে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৪.৩ ট্রিলিয়ন ডলারে।

বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতির তালিকায় আরও দৃঢ় জায়গা করে নিয়েছে ভারত। গত ১০ বছরে দেশের জিডিপি ১০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক মহলকেও বিস্মিত করেছে। আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)-এর তথ্য অনুযায়ী, গত এক দশকে ভারতের অর্থনীতি ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধির ফলে ভারত বর্তমানে বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির মধ্যে জায়গা করে নিয়েছে এবং ২০২৫ সালেই জাপানকে পেছনে ফেলার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিকতা বজায় থাকলে মাত্র দুই বছরের মধ্যেই, ২০২৭ সালের মধ্যে জার্মানির অর্থনীতিকেও ছাড়িয়ে যেতে পারে ভারত।

এই সাফল্য নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, “এই ঐতিহাসিক সাফল্য মোদী সরকারের কার্যকরী নীতির প্রতিফলন। লাভজনক অর্থনীতি, কাঠামোগত পরিবর্তন এবং সহজতর বাণিজ্যিক ব্যবস্থার ফলে ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতির তালিকায় উঠে এসেছে। স্বাধীনতার পর এই মাত্রায় অর্থনৈতিক সাফল্য আর কোনও সরকারের অধীনে দেখা যায়নি। ভারত এখন শুধু অর্থনৈতিক শক্তি নয়, গ্লোবাল পাওয়ারহাউসগুলিকেও টেক্কা দিচ্ছে।”

ভারতের এই অর্থনৈতিক অগ্রগতি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, পরবর্তী বছরগুলিতে দেশ কীভাবে এই গতিকে ধরে রাখতে পারে।