ভারতের শেয়ার বাজার ঘুরে দাঁড়াচ্ছে, মার্চের তৃতীয় সপ্তাহে সূচকে বড়সড় উত্থান

সেপ্টেম্বর থেকে টানা পতনের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতের শেয়ার বাজার। সেপ্টেম্বরের শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ প্রায় ১৫ শতাংশ পতন হয়েছিল। তবে মার্চের শুরু থেকেই বাজার পুনরুদ্ধারের ইঙ্গিত মিলতে শুরু করে। আর তারই প্রতিফলন ঘটেছে গত সপ্তাহে।

গত সপ্তাহে বিএসই লার্জক্যাপ সূচক ৪.৬ শতাংশ, মিডক্যাপ সূচক ৭ শতাংশ এবং বিএসই স্মলক্যাপ সূচক প্রায় ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যা ২০২০ সালের জুনের পর সর্বোচ্চ বৃদ্ধি।

মার্চের তৃতীয় সপ্তাহে বিএসই সেনসেক্স সূচক ৩,০৭৬ পয়েন্ট বা ৪.১৬ শতাংশ বেড়ে ৭৬,৯০৫ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে, নিফটি ৫০ সূচক ৯৫৩ পয়েন্ট বা ৪.২৫ শতাংশ বেড়ে বর্তমানে ২৩,৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে। ১৩ সপ্তাহ পর তারা আবারও ভারতের বাজারে সক্রিয় হয়েছে। মার্চের তৃতীয় সপ্তাহে তারা মোট ৫,৮১৩.১২ কোটি টাকার ইক্যুইটি কিনেছে, যা ঘরোয়া বিনিয়োগকারীদের কেনা ৪,৩৩৭.৮৩ কোটি টাকার ইক্যুইটির তুলনায় বেশি।

বিশেষত, স্মলক্যাপ সংস্থাগুলির পারফরম্যান্স বেশ নজরকাড়া ছিল। ১৩ থেকে ২১ মার্চের মধ্যে একাধিক সংস্থা ১০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে এসএমএল ইসুজু (৫০.৬৬%), ইকিও লাইটিং (৪৮.৯০%)। গার্ডেন রিচ শিপবিল্ডার্স, অ্যাঞ্জেল ওয়ান, সান ফার্মা, জেএসডব্লিউ হোল্ডিংস, স্কিপারের মতো সংস্থাগুলিও ভালো রিটার্ন দিয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে ঝুঁকি রয়েছে। বিনিয়োগের আগে যথাযথ গবেষণা ও বিশ্লেষণ করা উচিত। TV9 বাংলা বিনিয়োগের পরামর্শ প্রদান করে না।