‘খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার’ মুক্তি পেল, কাস্টিংয়ে বিশেষ অবদান সুদীপ্তা চক্রবর্তীর

নীরজ পান্ডিয়ার পরিচালনায় সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার’। গোটা সিরিজ জুড়ে রয়েছে টানটান উত্তেজনা, দুর্দান্ত প্লট টুইস্ট, এবং অসাধারণ অভিনয়। বাংলা থেকে একঝাঁক প্রতিভাবান অভিনেতা কাজ করেছেন এই সিরিজে, যার মধ্যে রয়েছেন জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, পল্লবী চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। ‘বন্দিশ ব্যান্ডিত’ খ্যাত ঋত্বিক ভৌমিক এবং বহুদিন পর মিমো চক্রবর্তীও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
এই বিশাল কাস্টিংয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুদীপ্তা চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র জগতে তিনি কেবলমাত্র একজন দুঁদে অভিনেত্রীই নন, বরং একজন দক্ষ কাস্টিং ডিরেক্টরও। তার নিজস্ব সংস্থা, ‘সুদীপ্তা চক্রবর্তী কাস্টিং কোম্পানি’, মাত্র দুই বছরের মধ্যেই বলিউডেও জায়গা করে নিয়েছে।
সুদীপ্তা জানান, “প্রায় পাঁচ মাসের কঠোর পরিশ্রমের পর আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ জনেরও বেশি অভিনেতার বিবরণ ও ছবি নির্বাচন করে পাঠাই। প্রায় আড়াইশ অভিনেতার অডিশন নেওয়া হয়। জাতীয় স্তরের পরিচালকের প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সীমার বাইরে গিয়ে কাজ করা সহজ ছিল না।”
তিনি আরও বলেন, “কলকাতায় একটি পেশাদার কাস্টিং কোম্পানি খোলার স্বপ্ন ছিল আমার, যেখানে বাংলার প্রতিভাবান অভিনেতারা সঠিক সুযোগ পাবেন। এত কম সময়ে এই স্বপ্ন সত্যি হয়ে যাবে, ভাবতেই পারিনি। এই সাফল্যে আমি অত্যন্ত আবেগপ্রবণ।”
‘খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ বাংলার অভিনেতাদের অভিনয় দর্শকদের মন জয় করেছে। সঠিক চরিত্রে সঠিক অভিনেতাদের নির্বাচন করাই সিরিজটির অন্যতম সাফল্যের কারণ। আর এই কৃতিত্বের বড় অংশীদার সুদীপ্তা ও তার সংস্থা।