ফসলের ন্যূনতম MSP আইনি গ্যারান্টি কি মিলবে? কৃষকদের সঙ্গে মুখোমুখি কেন্দ্রীয় মন্ত্রীরা

কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর মুখোমুখি আলোচনা। ১৯ মার্চ, পঞ্জাবের চণ্ডীগঢ়ে কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, শিবরাজ সিং চৌহান ও পীযূষ গয়াল। এই বৈঠকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) এর আইনি গ্যারান্টি সহ একাধিক দাবির বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আজকের বৈঠকে সংযুক্ত কিসান মোর্চা এবং কিসান মজদুর মোর্চার ২৮ জন সদস্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করেন। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন, “কৃষকরা আশা করছে সরকার আমাদের দাবিগুলি মেনে নেবে এবং সমস্যা সমাধানে পদক্ষেপ করবে।”
এর আগে ২২ ফেব্রুয়ারি কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছিল, যেখানে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং শিল্পমন্ত্রী পীযূষ গয়াল উপস্থিত ছিলেন। ওই বৈঠকে কেন্দ্র কৃষকদের কাছ থেকে জানতে চেয়েছিল কেন এমএসপির আইনি গ্যারান্টি প্রয়োজন। কৃষকরা জানিয়েছিল, যদি এমএসপি-তে আইনি গ্যারান্টি দেওয়া হয়, তবে বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা খরচ হবে।