কমিয়ে দেওয়া হলো ডিউটি টাইম! ‘‌রামনবনীকে কেন্দ্র করেই পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে’‌— পুলিশ কমিশনার

এই বছর রামনবমী আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে, এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে বলে তাঁর অনুমান। ফলে অপ্রীতিকর ঘটনা রুখতে রাজ্যজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, রামনবমী উপলক্ষে গোটা শহর ও রাজ্যে বাড়ানো হচ্ছে পুলিশের নজরদারি। অতীতে রামনবমীকে ঘিরে নানা অশান্তি ছড়ানোর ঘটনা ঘটেছিল। সেসব মাথায় রেখেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁয়েছে। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে ট্রাফিক পুলিশের ডিউটির সময় ২ ঘণ্টা কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। আজ, পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওআরএস, সানগ্লাস, ছাতা ও জলের বোতল তুলে দেন পুলিশ কমিশনার।

আগের বছরগুলিতে রামনবমীর মিছিল থেকে অস্ত্রের প্রদর্শনী ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। হাওড়া, উত্তরপাড়া-সহ বিভিন্ন এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। এবার যাতে সেরকম পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আগে থেকেই সতর্ক কলকাতা পুলিশ।

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার তদন্তও চলছে। কমিশনার জানিয়েছেন, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজনকে নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ৬৯ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বিদেশেও পালিয়েছে। তাদের ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামনবমীর দিন গোটা রাজ্য থাকবে পুলিশের কড়া নজরদারিতে। প্রশাসন চাইছে অশান্তির আগেই কঠোর ব্যবস্থা নিতে। ফলে এবারের রামনবমী শুধুই ধর্মীয় উৎসব নয়, প্রশাসনের জন্যও বড় চ্যালেঞ্জ হতে চলেছে!