জড়িয়েছিলেন পরকীয়ায়! কার ভয়ে লুকিয়ে-লুকিয়ে বেড়াতেন হেলেন? জানালেন অভিনেত্রী

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেলেন, যিনি খান পরিবারের সদস্য এবং সলমন, আরবাজ ও সোহেল খানের সৎ মা, সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় শেয়ার করলেন।
সলমনের বাবা সেলিম খান যখন হেলেনকে বিয়ে করেন, তখন বাড়িতে প্রথম স্ত্রী সালমা (আসল নাম সুসিলা চরক) আগেই উপস্থিত ছিলেন। শুরুতে সালমার মুখোমুখি হতে ভয় পেতেন হেলেন।
আরবাজ খানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে হেলেন বলেন,”আমি জানতাম, ব্যান্ডস্ট্যান্ড দিয়ে গেলে সালমা বারান্দায় দাঁড়িয়ে থাকবেন। তাই আমি গাড়ির মধ্যে লুকিয়ে পড়তাম, যাতে তিনি আমাকে না দেখতে পান। কারণ, আমি তাঁকে অসম্ভব সম্মান করতাম।”
প্রথমে খান পরিবারের অনুষ্ঠানে যেতেন না হেলেন। কিন্তু অদ্ভুতভাবে সালমাই নাকি জানতে চাইতেন, “হেলেন কোথায়? ও কেন আসেনি?” আজও, কোনও পারিবারিক অনুষ্ঠান হলে সালমাই প্রথমে ফোন করে বলেন, “হেলেন, তুমি কোথায়? কবে আসবে?”
সময়ের সঙ্গে সঙ্গে হেলেনকে মায়ের মতো সম্মান দিতে শুরু করেন সলমন। এখনও পর্যন্ত তাঁকে সেই সম্মানই দিয়ে আসছেন ভাইজান।
এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, কেমন ছিল সেই অভিজ্ঞতা?
আরবাজ হেলেনকে জিজ্ঞাসা করেছিলেন, এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে থাকাটা কি কঠিন ছিল?
জবাবে হেলেন বলেন, “আমার জন্য অতটা কষ্টের ছিল না, কিন্তু সালমার জন্য খুব কঠিন ছিল। হয়তো ও অনেক কষ্ট পেয়েছে। তবে ভাগ্যের লিখন ছিল—আমি এই পরিবারের সঙ্গে থাকার জন্যই জন্মেছিলাম।”
আজ, খান পরিবারের দুই মাতৃমূর্তি সালমা ও হেলেন যেন একে অপরের পরিপূরক, যা বলিউডে বিরল।