৯মাস পর পৃথিবীতে ফিরছেন সুনিতা, কত টাকা বেতন পান তিনি? ৩০০ দিনের ওভারটাইম কত?

মহাকাশে আটকে ছিলেন দীর্ঘ ৯ মাস, অবশেষে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী বুচ উইলমোর। ৮ দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বোয়িং স্টারলাইনার্স স্পেসক্রাফ্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা সম্ভব হয়নি। ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) দীর্ঘ ৩০০ দিন কাটাতে হয়েছে তাঁদের।

সুনীতা উইলিয়ামস- ভারতীয়দের কাছে তিনি এক গর্বের নাম। আগেও একাধিক রেকর্ড গড়েছেন মহিলা মহাকাশচারী হিসেবে। এবারও নাসার মিশনে অংশ নিয়ে আবারও নজির গড়লেন। তবে প্রত্যাবর্তনের সময় বাধল বিপত্তি।

এতদিন মহাকাশে অতিরিক্ত থাকার জন্য কি নাসা কোনও ক্ষতিপূরণ দেবে? কতই বা বেতন পান সুনীতা?

নাসার মহাকাশচারীদের জন্য নির্ধারিত রয়েছে বিভিন্ন স্তরের বেতন কাঠামো। সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর জিএস-১৫ স্তরে রয়েছেন, যা সর্বোচ্চ স্তর। এই স্তরে কর্মীদের বার্ষিক বেতন সর্বোচ্চ ১,৬২,৬৭২ ডলার পর্যন্ত হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।

তবে, মহাকাশে ৮ দিনের বদলে ৩০০ দিন অতিরিক্ত থাকার জন্য কোনও অতিরিক্ত ওভারটাইম বেতন দেওয়া হয় না। নাসার নিয়ম অনুযায়ী, কোনও অভিযানে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় থাকলে, মহাকাশচারীরা প্রতিদিন মাত্র ৪ ডলার করে পান। সেই হিসাবে সুনীতা ও বুচ পাবেন মোট ১,১৪৮ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকা।

অবশেষে পৃথিবীর মাটি ও গন্ধে ফিরে স্বস্তি পাবেন সুনীতা ও বুচ। তবে এই দীর্ঘ মহাকাশযাত্রা ভবিষ্যতের গবেষণায় নতুন দিশা দেখাবে, তাতে কোনও সন্দেহ নেই।