KRRISH 4 ছবির পরিচালক বদল? রাকেশ রোশান কে সরিয়ে কে এখন নুতুন পরিচালক?

বছর ১২ আগে ঘোষণা করা হয়েছিল বলিউডের জনপ্রিয় ‘কৃষ’ সিরিজের চতুর্থ ছবি ‘কৃষ ৪’-এর। কিন্তু নানান কারণে আটকে গিয়েছিল ছবিটির কাজ। এর মধ্যে গঙ্গা থেকে পদ্মায় গড়িয়েছে অনেক জল। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল, এই ছবির পরিচালক হিসেবে আর দেখা যাবে না রাকেশ রোশনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন খোদ রাকেশ রোশন।
‘কৃষ’ সিরিজের জনপ্রিয়তা বলিউডে অসামান্য। এই সিরিজের মাধ্যমে হৃতিক রোশন সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। তবে ‘কৃষ ৪’-এর কাজ বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। এবার রাকেশ রোশনের সিদ্ধান্তে নতুন মোড় নিয়েছে ঘটনা। তিনি জানিয়েছেন, এই সিরিজের পরিচালনার দায়িত্ব এবার অন্য কাউকে দেওয়া হবে।
রাকেশ রোশন বলেন, “এই দিনটাই আসতই, যেদিন অন্য পরিচালকের হাতে এই সিরিজের নির্দেশনার দায়িত্ব তুলে দিতে হত। তাই এখনও যখন আমার মাথা ঠিকঠাক কাজ করছে, সময় থাকতে থাকতে সেটা করলাম। কারণ নয়া পরিচালক এই ছবি নিয়ে কী করছেন, না করছেন, সেটা অন্তত দেখে বুঝতে পারব। কোথাও কিছু নির্দেশ দেওয়ার থাকলে দিতে পারব। আর যখন আমার মগজ আগের মতো সচল থাকবে না, তখন তো অন্য পরিচালক নির্দেশনা দেবেনই। সেই সময়ে আমি তো আর দেখতে পারব না কী হচ্ছে, সেটা তো আরও সমস্যার। তাই সময় থাকতে থাকতেই এই সিদ্ধান্ত নিলাম।”
এই সিদ্ধান্ত নিতে গিয়ে মনখারাপ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে রাকেশ রোশন হাসতে হাসতে বলেন, “একেবারেই না। কে গ্যারান্টি দিতে পারবেন যে আমি পরিচালনা করলেই এই ছবি সুপারহিট হবে? বরং নয়া প্রজন্মের অন্য কোনও পরিচালক এই ছবি নির্দেশনা দিলেও তো হলেও হতে পারে!”
‘কৃষ ৪’ নিয়ে জটিলতা কিন্তু এখানেই শেষ নয়। গত কয়েক বছর ধরে ছবিটি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রথমে বলা হচ্ছিল, ‘ওয়ার’ ও ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই ছবিটি পরিচালনা করবেন। এছাড়াও তিনি সহ-প্রযোজকের দায়িত্বও পালন করবেন বলে জানা গিয়েছিল। কিন্তু ছবির বাজেট ৭০০ কোটি টাকা ছুঁয়ে ফেলায় সিদ্ধার্থ আনন্দ এই ঝুঁকি নিতে নারাজ বলে খবর প্রকাশিত হয়। সূত্রের খবর, একপ্রস্থ লম্বা বৈঠকের পর সিদ্ধার্থ আনন্দ নিজেকে এই ছবি থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন। অর্থাৎ, পরিচালনা কিংবা সহ-প্রযোজনা— কোনওটাই তিনি আর এই ছবির জন্য করবেন না।
‘কৃষ ৪’ নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। বলিউডে যেসব ছবির সিক্যুয়েল দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন, তার মধ্যে ‘কৃষ’ সিরিজের এই চতুর্থ ছবিটি অন্যতম। রাকেশ রোশনের বিদায় এবং সিদ্ধার্থ আনন্দের সরে যাওয়ায় এখন প্রশ্ন উঠেছে, কে হবেন ‘কৃষ ৪’-এর নতুন পরিচালক? দর্শকদের আশা, যেই হোন না কেন, তিনি যেন ‘কৃষ’ সিরিজের ঐতিহ্য এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হন।
এদিকে, রাকেশ রোশনের এই সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী এবং সাহসী বলে মনে করছেন। নতুন প্রজন্মের পরিচালকদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমে তিনি বলিউডে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন দেখার বিষয়, ‘কৃষ ৪’ কবে মুক্তি পায় এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে কি না।